কক্সবাজারে রোববার হরতাল
শপথ করানোর দাবিতে কক্সবাজার পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা জেলা শহরে রোববার হরতাল ডেকেছেন।
এ দাবিতে শনিবার তারা শহরে সভা-সমাবেশও করেন।
সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দান থেকে তাদের একটি মিছিল শুরু হয়ে শহরের হাশেমিয়া মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
মিছিলের আগে এক সমাবেশে বক্তব্য দেন নির্বাচিত কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল, মিজানুর রহমান, আকতার কামাল, জাতীয় পার্টির নেতা রুহুল আমিন সিকদার প্রমুখ।
১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১ সালের ২৭ জানুয়ারি কক্সবাজার পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়। আইনি জটিলতার কারণে এ পর্যন্ত নির্বাচিতরা শপথ নিতে পারেননি।
তিনি বলেন, নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে অর্ধদিবস হরতাল ডাকা হয়।
