২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদয় ছুঁয়ে যাওয়া বিকেল

তারুণ্যদীপ্ত দিনগুলোতে ফিরে যাওয়ার আনন্দেই যেন মেতেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা। চোখ-মুখে অতীতকে ছুঁয়ে দেখার উচ্ছ্বাস।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 05:01 PM

Updated : 13 Oct 2022, 02:47 PM

পুরনো খবর:

বাবার ছবির আশায় ছুটে আসা

শুক্রবার শীতের পড়ন্ত বিকেলে ‘স্মৃতিমাখা’ টিএসসিতে ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটির বার্ষিক সম্মিলনে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতি যেন সে কথাই বলছিল।

টিএসসির সবুজ চত্বরে দাঁড়িযে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার বেনজির আহমেদ। পাশে সাদা পোশাকে নিরাপত্তার লোকজন। সহপাঠীদের সঙ্গে আড্ডায় বার বার যেন তিনি ফিরে যাচ্ছিলেন অতীতের সেই সোনালী দিনগুলোতে।

অন্যরকম এই অনুভূতির কথা জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, বিশ্ববিদ্যালয় জীবন সবার কাছেই অসাধারণ। এখানে এলেই অসাধারণ লাগে। পুরনো দিনে ফিরে যাওয়া হয়। চেনা মুখ-চেনা মানুষগুলোর সঙ্গে আবারও দেখা হয়।

অবশ্য টিএসসির এই সবুজ চত্বরে আসার পরও কোন বন্ধুর দেখা পাননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

১৯৫৫ সালে বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করা এই সাবেক শিক্ষার্থী বললেন, “আমাদের তো বয়স হয়েছে। আমাদের ব্যাচের কেউ আসতে পারেনি। আমি এসেছি-এটা অন্যরকম অনুভূতি।”

“বন্ধু বান্ধব কেউ কেউ এখনো বেঁচে আছেন- তাদের অনেকের সঙ্গে আমার যোগাযোগও আছে। তবে এসব অনুষ্ঠানে আসার মতো অবস্থায় তারা নেই।”

আড্ডাতেই দেখা মিলল ৯৭ ব্যাচের একদল সাবেক শিক্ষার্থীকে।

সাবেরা আহমেদ কলি, জাহিদুল হাসান, মশিউর রহমান, রুবাব আবদুল্লাহ। চুটিয়ে আড্ডায় মাতার অফুরন্ত সুযোগটা যেন অনেকদিন পর পেয়েছেন তারা। কেউ এসেছেন পুরো পরিবার নিয়ে, কেউ একা। তবুও যেন পরিবারের সঙ্গেই আছেন!  

১৯৭১ ব্যাচের শিক্ষার্থী উইলস লিটন ফ্লাওয়ার স্কুলের সাবেক হেড মিস্ট্রেস রাখি দাস গুপ্তা, সাউথ ব্রিজ স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান জিনাত চদ্রী ও সাবেক বিশ্ব ব্যাংক কর্মকর্তা ফরিদা হুদাদের আড্ডার চিত্র বলছিল শিক্ষা জীবনটা কতোটা মিস করেন এই সাবেক শিক্ষার্থীরা।  

অনুভূতির কথা জানতে কাছে যেতেই একজন অপরজনকে দেখিয়ে বললেন, ‘ওর সঙ্গে কথা বলুন। ওর সম্পর্কে লিখুন।’ রাখি এবং ফরিদার খুনসুটির মাঝে অট্টহাসিতেই ফুঁটে উঠছিল তাদের ক্যাম্পাস জীবনের মৌলিক চিত্র।

কফি আর পিঠা দিয়ে টিএসসির এই জমানো আড্ডায় স্মৃতি রোমন্থনের এক একটা বাক্য উচ্ছ্বাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল সময়ে।   

সবশেষে নৈশভোজ দিয়ে পরিসমাপ্তি ঘটে আরেকটি স্মরণীয় বিকেল। হৃদয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া প্রাণগুলো যেন বলছিল- ‘বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়। আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়।’

এর আগে বিকেল ৪টার দিকে বিভাগের সাবেক দুই শিক্ষক অধ্যাপক খান সারওয়ার মুরশিদ ও ড. খন্দকার রেজাউর রহমানের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করে শুরু হয় অনুষ্ঠান।

এই দুই শিক্ষাবিদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন খান সারওয়ার মুরশিদের ছাত্র এবং রেজাউর রহমানের শিক্ষক ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

উদ্বোধনী বক্তব্য দেন বিভাগের বর্তমান চেয়ারপার্সন অধ্যাপক তাহমিনা আহমেদ। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচায্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অ্যালামনাই সোসাইটির সভাপতি মাশরুর চৌধুরী।

ইংলিশ ডিপার্টমেন্ট অ্যালামনাই সোসাইটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সোসাইটির সাধারণ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

পরে ২০১০ সালের নয় কৃতি শিক্ষার্থীকে দেয়া হয় পুরস্কার। এদের মধ্যে মানজুরা মালেক আজমি, ফারহানা সুস্মিতা, বুশরা মাহজাবিনকে ২০১০ সালে স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলের জন্য পুরস্কৃত করা হয়।

একই বছরের এমএ (সাহিত্য) ভালো ফলের জন্য পুরস্কৃত করা হয়, সানজিদা হোসেন, শিহাব সাকিব এবং মোসাম্মৎ দিলরুবাকে।

এ ছাড়া প্রিন্সিপাল জালালুদ্দিন আহমেদ মেমোরিয়াল গোল্ড মেডেল পান সানজিদা হোসেন। একই বছরের এমএ (ফলিত ভাষাতত্ত্ব এবং ইএলটি)-এ ভালো ফলের জন্য সারবানী রায়, সাইফা হক এবং মো. ইয়াসিন করিবকে পুরস্কৃত করা হয়।