২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে পাঁচ লাশ, পাঁচ মামলা

মুন্সীগঞ্জে পাঁচ লাশ উদ্ধারের ঘটনায় পৃথক পঁচাটি মামলা হয়েছে সংশ্লিষ্ট থানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

তবে এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার সিরাজদিখানের রশুনিয়ায় মো. ইব্রাহীম ও আব্দুল কুদ্দুসের লাশ পাওয়া যায়। এর প্রায় ২০ কিলোমিটার দূরে শ্রীনগরের শ্রীধরপুরে পাওয়া যায় মাসুদ ওরফে রাঢ়ী মাসুদে লাশ।

একইদিন সিরাজদিখানের শিয়ালদি গ্রামে ঝুলন্ত লাশ পাওয়া যায় আল আমিনের। এছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে শিরীন আক্তারের লাশ ফেলে পালিয়ে যায় তার স্বামী নূর আলম।

শ্রীনগর থানার ওসি মো মিজানুর রহমান বলেন, রাঢ়ী মাসুদ হত্যার ঘটনায় এসআই আবু হানিফ বাদী হয়ে শ্রীনগর থানায়  হত্যা মামলা করেছেন।

সিরাজদিখান থানার ওসি শেখ মাহাবুবুর রহমান বলেন, মো. ইব্রাহীম ও আব্দুল কুদ্দুসের লাশ স্বজনরা নিয়ে গেছেন। এ ব্যাপারে সিরাজদিখান থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে।

ইব্রাহীমের বাবা খোরশেদ আলম বাদী হয়ে একটি এবং এস আই সালাম বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, এই উপজেলার শিয়ালদি গ্রামের নিজ বাড়ির লিচু গাছ থেকে আল আমিনের ঝুলন্ত পাওয়ার ঘটনায় তার বাবা  মোখলেছুর রহমান বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি ইউডি মামলা দায়ের করেন।

টঙ্গীবাড়ি থনার ওসি খলিলুর রহমান বলেন, শিরীন আক্তারের ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা না আত্মহত্যা।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।