মন্ত্রণালয়ে জন্মদিন পালন করলেন অর্থমন্ত্রী
বরাবরই ঘরোয়া পরিবেশে জন্মদিন পালন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দিনটি নিয়ে নিজের আলাদা পরিকল্পনা না থাকলেও মন্ত্রণালয়ের কর্মকর্তারা-কর্মচারীদের শুভেচ্ছায় সিক্ত মুহিত বললেন, ভালোই লাগছে তার।
শুক্রবার কেক কেটে মুহিতের ৭৯তম জন্মবার্ষিকী পালন করেন তার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় উপস্থিত শুভানুধ্যায়ীরা তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
১৯৩৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন মুহিত। পাকিস্তান আন্দোলনের নেতা তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের কর্ণধার অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজের দ্বিতীয় ছেলে তিনি। তার মা সৈয়দ শাহার বানু চৌধুরীও রাজনীতিতে সক্রিয় ছিলেন।
জন্মদিনে কেমন লাগছে জানতে চাইলে বিকাল সাড়ে ৩টায় মুহিত বলেন, “খুব ভালো লাগছে আমার।”
এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে তার আগাম জন্মদিন পালন করা হয়।
শিক্ষা জীবনটা ভালো ছাত্রের তকমা লাগিয়েই শেষ করেন মুহিত। কর্মজীবনের প্রপ্তিও ঈর্ষণীয়।
১৯৫১ সালে সিলেট এমসি কলেজ থেকে আইএ পরীক্ষায় প্রথম স্থান, ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্সে প্রথম শ্রেণিতে প্রথম এবং ১৯৫৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেন। কর্মজীবনে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নসহ হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমপিএ ডিগ্রি লাভ করেন।
১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদানের পর মুহিত তৎকালীন পূর্ব পাকিস্তান, কেন্দ্রীয় পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
