২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচার দেখে যেতে চান ভাষা সৈনিক আব্দুর রশীদ

একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার দেখে যেতে চান শেরপুরের অশীতিপর ভাষা সৈনিক মো. আব্দুর রশীদ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 02:04 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

শুক্রবার সকালে শেরপুর শহরের গৃদারায়নপুরের বাসভবনে আয়োজিত ৮৩তম জন্মদিনের অনুষ্ঠানে এ আশাবাদ ব্যক্ত করেন মুক্তিযুদ্ধের সংগঠক এবং জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির এই আহবায়ক।

সকালে প্রিয়জন ও শুভানুধ্যায়ীরা তাকে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালবসা জানান।

প্রতিবেশী ছাড়াও জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী নাগ লক্ষ্মী, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক প্রদীপ দে কৃষ্ণ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আমজাদ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম আধার, প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার, শিক্ষাবিদ ড. সুধাময় দাস, জেলা বিএনপি’র সহসভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব হারেজ আলীসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শুভেচ্ছা জানাতে তার বাসভবনে যান।  

এ সময় আব্দুর রশীদ বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার প্রাপ্তি অনেক। জীবনের শেষ প্রান্তে এসে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের শাস্তি  দেখে যেতে চান।

আব্দুর রশীদ ১৯৩১ সালের ২৫ জানুয়ারি শেরপুর পৌর শহরের শেখহাটিতে জন্মগ্রহণ করেন। শেরপুরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া একাডেমীর ছাত্র থাকা অবস্থায় ১৯৫২ সালে  ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এছাড়া ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট, ৬২’র শিক্ষা কমিশন আন্দোলন, ৬৯’র গণঅভ্যূত্থান, ৭০’র নির্বাচন এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আইয়ুব শাসনবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণে তিনি কারাভোগও করেন। বঙ্গবন্ধু হত্যাকা-ের প্রতিবাদ করার কারণেও তিনি নয়মাস কারাভোগ করেন।