২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু বিদ্যুৎকেন্দ্র: সমালোচকদের সমালোচনায় মন্ত্রী

রূপপুরে পরমাণু বিদ্যুতেকেন্দ্র স্থাপনে সরকারের উদ্যোগের সমালোচকদের ‘অতীত পেছনে ফেলে সামনের দিকে’ তাকানোর আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যা বলছেন তা প্রথম প্রজন্মের প্রযুক্তি। কিন্তু এখন সময় এসেছে তৃতীয় প্রজন্মের প্রযুক্তির।”

তাদের প্রতি ভবিষ্যতের স্বপ্ন দেখা ও যুগের সঙ্গে তাল মিলিয়ে চলারও পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

রাশিয়ার সঙ্গে পরমাণু বিদ্যুতকেন্দ্র স্থাপনের বিষয়ে চুক্তির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, এ বছরের অক্টোবরের মধ্যেই দেশের প্রথম পরমাণু বিদ্যুতকেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বৃহত্তম জ্বালানি সংস্থা রোসাটমের সহায়তায় পাবনার রূপপুরে এই কেন্দ্রের দুটি চুল্লী থাকবে, যা থেকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

বিদ্যুত ঘাটতিতে দেশে এই কেন্দ্রের প্রয়োজনীয়তার কথা বলা হলেও বিশেষজ্ঞরা এর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার সোসাইটি ফর নিউক্লিয়া মেডিসিন বাংলাদেশের সম্মেলনে মন্ত্রী বলেন, ১৯৬৪ সালেই এই বিদ্যুতকেন্দ্র স্থাপন করা উচিত ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা পারিনি। এখন যখন চেষ্টা করছি, তখন কিছু বিশেষজ্ঞ পেছনে ঠেলার চেষ্টা করছে।

স্বভাবগত ছন্দোময় ভঙ্গিতে তিনি বলেন, “এবার আমরা এটা বানাবোই।”

সভায় পরমাণু বিজ্ঞানীরা উন্নত বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে সুযোগ করে দিতে সরকারের সহায়তা চান।