২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপি-জামায়াতের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আটক ১৮ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল ও সভা চলাকালে বরিশালে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরিশালপ্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 12:22 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই সংঘর্ষে পুলিশের লাঠিপটা এবং প্রতিপক্ষের ছোঁড়া ইটপাটকেলে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এ ঘটনায় এক বিএনপি ও তিন শিবিরকর্মীকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, নগরীর গির্জা মহল্লা থেকে শিবিরের একটি মিছিল অশ্বিনী কুমার হলের সামনে ১৮ দলের সভায় যাচ্ছিল। কিন্তু প্যারারা রোড এলাকায় পৌছুলে পুলিশ বাধা দেয়।

এরপর মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে অশ্বিনী কুমার হলের সামনে অবস্থান নেয় এবং পুলিশের উপর ইট নিক্ষেপ করে। এতে মুক্তা নামের এক কনস্টেবলের মাথা ফেটে যায়। এ সময় পুলিশ তাদের লাঠিপেটা করে।

ওসি আরো বলেন, আটক মহানগর ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, শিবিরকর্মী ফিরোজ, কাওছার ও মহিউদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মহানগর বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসুচিতে লাঠিপেটা করে যুবদল নেতা জিয়া সিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মাহবুবুর রহমান পিন্টুসহ ১৫ নেতাকর্মীকে আহত করেছে।

তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে তিনি জানান।