নেত্রকোনায় নিহত সাংসদপুত্রের বিরুদ্ধে মামলা
আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের ছেলে কুতুব উদ্দিন রুয়েলের বিরুদ্ধে নেত্রকোনায় একটি ভাংচুরের মামলা হয়েছে।
রুয়েলের ভগ্নিপতি সাইদুল হোসেন বৃহষ্পতিবার গভীর রাতে দুর্গাপুর থানায় এই মামলা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
সাইদুল উপজেলা সদরের কাচারি মোড় এলাকার বাসিন্দা। তিনি জালাল উদ্দিনের দ্বিতীয় স্ত্রী আয়শা খাতুনের প্রথম পক্ষের মেয়ে মিলির স্বামী।
দুর্গাপুর থানার ওসি আলমগীর হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুয়েলকে হুমুকের আসামি করে এবং ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো পনের জনের বিরুদ্ধে ভাংচুরের অভিযোগে মামলাটি করা হয়।
পুলিশ তদণ্ত করছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অন্য আসামিরা হলেন জালাল হত্যা’ প্রতিবাদ পরিষদের আহবায়ক সাজ্জাদ হোসেন, আলম, মাসুদ মিয়া, মাজহারুল, নাহিদ ও পাভেল। এদের বাড়ি দুর্গাপুর উপজেলায়।
নেত্রকোনা-১ আসনের সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদার (৬৫) গত বছরের ২৫ সেপ্টেম্বর নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় আয়শা খতুন ও তার আগের পক্ষের ছেলে মাসুমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রুয়েল (জালাল উদ্দিনের প্রথম স্ত্রীর ছেলে)।
আয়শা ও মাসুমকে গ্রেপ্তার করা হলেও পরে তারা উচ্চ আদালত থেকে জামিন নেন।
জালাল উদ্দিন তালুকদার হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে বৃহষ্পতিবার সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত আধাবেলা হরতাল ডাকে রুয়েলের নেতৃত্বাধীন জালাল হত্যা প্রতিবাদ পরিষদ।
সাইদুলের অভিযোগ, হরতাল চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে হরতাল সমর্থকরা লাঠিসোটা নিয়ে মিছিল করে তার বাসায় হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।
হামলায় তিনি নিজেও আহত হন এবং বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
