২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনরত শিক্ষকদের পাশে খালেদার উপদেষ্টা

চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 06:53 AM

Updated : 23 Aug 2022, 10:06 AM

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ঘোষণা প্রত্যাখ্যান করে শুক্রবার তৃতীয় দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হাজার খানেক শিক্ষক-কর্মচারী। এর ফলে  প্রেসক্লাব ও এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হলে তারা রাজপথ ছাড়বেন না।

এর আগে বুধবার শিক্ষকদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছিলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দাবি পূরণ করবে।

তিনি বলেন, “এই সরকার শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন না জানিয়ে তাদের প্রতি বৈষম্য করছে। কিন্তু শিক্ষকদের কোনো আন্দোলনই ব্যর্থ হয় না। এই আন্দোলনও ব্যর্থ হবে না।”

অবশ্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের এই আন্দোলনকে ‘অবাস্তব’ অ্যাখ্যায়িত করে বলেছেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে বুধবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষক-কর্মচারী।

এর আগে একই দাবিতে গত ১০ থেকে ২২ জানুয়ারি পর্ন্ত দেশের প্রায় ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের এসব শিক্ষক-কর্মচারী লাগাতার ধর্মঘট পালন করেন।

২২ জানুয়ারির মধ্যে চাকরি জাতীয়করণের কোনো ঘোষণা না এলে ২৩ জানুয়ারি ঢাকায় মহা অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেয় শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

তারা বলেছেন, দাবি পূরণ না হলে আসন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দায়িত্ব পালনে তারা বিরত থাকবেন।