শিশু হাসপাতালে নতুন ভবনের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী
চট্টগাম মা ও শিশু হাসপাতালে ৮৫০ শয্যার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
এতে লিখিত বক্তব্যে হাসপাতালের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ডা. আঞ্জুমান-আরা ইসলাম বলেন, শনিবার প্রধানমন্ত্রী এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই ভবন নির্মাণে ব্যয় হবে মোট ১৮২ কোটি টাকা।
তিনি জানান, এ ভবন নির্মাণ হলে এতে বিশেষায়িত চিকিৎসা সেবার ব্যবস্থা থাকবে। ফলে রোগীদের আর ঢাকা বা দেশের বাইরে যেতে হবে না।
৩৩ বছর আগে প্রতিষ্ঠার সময় এই হাসপাতালে শুধুমাত্র শিশু স্বাস্থ্য বহিঃবিভাগ ছিল। বর্তমানে এটি ৬০০ শয্যার পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল হিসেবে চিকিৎসা সেবা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত হাসপাতালের কার্যকরী কমিটির সভাপতি অধ্যাপক এ এস এম ফজলুল করিম, সহ-সভাপতি অধ্যাপক ডা. এম এ তাহের, মা ও শিশু হাসপাতাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এস এম মোস্তাক আহম্মেদ প্রমুখ।
