২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিত হত্যাকাণ্ড: গাফিলতি স্বীকার পুলিশ কর্মকর্তার

বিশ্বজিত দাসের মৃত্যু ঠেকাতে পুলিশের গাফিলতির স্বীকারোক্তি মিলেছে।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2013, 12:43 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

তলবে হাজির হয়ে পুলিশের এক কর্মকর্তা বৃহস্পতিবার আদালতে এই দায় স্বীকার করেন। আদালত হামলার ভিডিওচিত্র দেখে ময়নাতদন্ত প্রতিবেদন নিয়েও প্রশ্ন তুলেছে।

বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চে হাজির হন বিশ্বজিতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশের উপ-পরিদর্শক জাহিদুল হক, ময়নাতদন্তকারী চিকিৎসক মাকসুদুর রহমান।

গত ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধের সময় পুরান ঢাকায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় দরজি দোকানি বিশ্বজিতকে। ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক দল নেতা-কর্মী ওই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

দেশব্যাপী আলোচিত বিশ্বজিত হত্যকাণ্ড নিয়ে একটি ফৌজদারি আবেদনে আদালত সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন দেখতে চায়। ওই দুটি প্রতিবেদন পাওয়ার পর এসআই জাহিদুল এবং ডা. মাকসুদুরকে তলব করা হয়।

আদালতের প্রশ্নের জবাবে সুরতহাল প্রস্তুতকারী এসআই জাহিদুল বলেন, তিনি বিশ্বজিতের কোমরের ওপরে পিঠে একটি হালকা জখম, ডান হাতের ‘পাখনার’ নিচে প্রায় ৩ ইঞ্চি গভীর জখম এবং বাম পায়ের হাঁটুর নিচে ছেড়া জখম দেখতে পান।

“পৌনে ১২টায় আমি লাশের সুরতহাল করেছি। সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটেছে। লাশের সুরতহালের সময় ডান হাতের পাখনার নিচে জখম দেখতে পেয়েছি। তা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়।”

এসময় ময়নাতদন্তকারী চিকিৎসক মাকসুদুর বলেন, “পাখনার নিচে ধমনীটা (আর্টারি) কেটে যাওয়ার কারণেই অতিরিক্ত রক্তক্ষরণে বিশ্বজিত মারা যায়।”

আদালত পুলিশ কর্মকর্তার কাছে জানতে চান, বিশ্বজিতকে কে হাসপাতালে নিয়ে যায়?

জবাবে এসআই জাহিদুল বলেন,  “পাশে পুলিশ ছিল, কিন্তু ঘটনাস্থল ও পুলিশের অবস্থান দুই থানায়।”

তখন বিচারক বলেন, “এটা কী বললেন, পুলিশ কোনো অপরাধ ঘটছে দেখলে সঙ্গে সঙ্গে সক্রিয় হতে হবে। কোন থানা বা কোন জেলা সেটা বিবেচ্য নয়। এমনকি ছুটিতে থাকলেও এই ধরনের পরিস্থিতিতে পুলিশকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুলিশ হাসপাতালে নিয়েছিল কি-না, সেটা বলেন?”

এসআই জাহিদুল তখন বলেন, “পুলিশ সদস্য তাকে হাসপাতালে নেয়নি। একজন রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে যায়।”

তিনি জানান, ওই রিকশাচালক প্রথমে বিশ্বজিতকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ বা মিটফোর্ডে নিয়ে যেতে বললে বিশ্বজিতকে মিটফোর্ডে নিয়ে যায় ওই রিকশাচালক।

তখন বিচারক বলেন, “একজন রিকশাওয়ালা হাসপাতালে নিয়ে গেছে। পুলিশ নিয়ে যেতে পারল না। কী দুর্ভাগ্য! জাতির দুর্ভাগ্য! রিকশাওয়ালা জীবনের ঝুঁকি নিয়ে তাকে হাসপাতালে নিয়ে গেছে। এ জন্য ওই রিকশাওয়ালাকে পুরস্কৃত করা উচিত।”

এরপর আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদারের কাছে জানতে চান,  হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগে বিশ্বজিতকে যথাযথ চিকিৎসা দিয়েছিল কি না?

জবাবে অমিত তালুকদার বলেন,  “এ ব্যাপারে আমার কাছে অফিসিয়াল কোনো তথ্য নেই। তবে গণমাধ্যমে গাফিলতির বিষয়টি এসেছে। সকাল ৯টা ২৫ মিনিটে তাকে নেয়া হয়। এর ২৫ মিনিট পর ৯টা ৫০ মিনিটে মারা যায় সে।”

আদালত তখন বলে,  জরুরি বিভাগে রোগী ফেলে রাখা নিয়মে পরিণত হয়েছে। সেখানে রোগীর জীবন বাঁচানোই প্রধান কর্তব্য হওয়া উচিত। রশিদ বা টাকা পয়সার অপেক্ষা করা কোনোক্রমেই উচিত নয়।

“আমরা (আদালত) যদি সিরিয়াস না হই, আদেশ না দেই তাহলে চিকিৎসার অবহেলার কারণে রোগী মারা যাওয়ার ঘটনা বন্ধ হবে না। আমাদের কঠোর হতে হবে। এখন তো এসব বিষয়ে কেবল জরিমানা করেই ছেড়ে দেয়া হয়। এটা যথেষ্ট নয়। একাজে জড়িতদের ৩০৪ ধারা অনুসারে জেলে পাঠাতে হবে।”

এরপর বিশ্বজিতের ওপর হামলার সময়ে ধারণ করা এটিএন নিউজের ভিডিওচিত্র আদালতে দেখানো হয়।

এটা দেখার পর আদালত ময়নাতদন্তকারী চিকিৎসককে প্রশ্ন করে, ভিডিওফুটেজের সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদন কী সামঞ্জস্যপূর্ণ?

“এটা কীভাবে সম্ভব? ভিক্টিম নড়তেছে, আসামিরাও ঘুরে ঘুরে তাকে আঘাত করছে। তাহলে আপনার প্রতিবেদনে একটা আঘাত কীভাবে হয়?”

জবাবে চিকিৎসক বলেন, “একই জায়গায় আঘাত পড়তে পারে। আর আমি বড় একটি আঘাতের পাশাপাশি ছোট আঘাতের কথাও বলেছি।” 

এসময় আদালত উপস্থিত সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে জিজ্ঞেস করলে তিনি বলেন, “ফুটেজে যা দেখছি, তাতে তো এক জায়গায় একাধিক কোপ পড়তে পারে না।”

এ সময় আদালত চিকিৎসকের কাছে জানতে চায়, কারো দ্বারা প্রভাবিত হয়ে তিনি ময়নাতদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছেন কি না?

জবাবে চিকিৎসক ‘না’ সূচক জবাব দিয়ে বলেন, ঘটনার পরপরই পৌনে ২টায় লাশ পরীক্ষা করেন তিনি। শরীরে আঘাতের চিহ্ন যা পেয়েছিলেন, তাই লিখেছেন।

বিচারক বলেন, “আপনি কি কাউকে বাঁচানোর চেষ্টা করছেন?”  জবাবে চিকিৎসক বলেন, “না।”

বিচারক বলেন, “ভিডিওফুটেজে দেখা যাচ্ছে, ভিক্টিমের বাম পাশে চাপাতি দিয়ে কোপ দেয়া হচ্ছে। এগুলো গেল কই? এটা তো আপনার প্রতিবেদনে নেই। ভিডিওফুটেজের সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদন সামঞ্জস্যপূর্ণ নয়।

“একজন মানুষ যখন মারা যায়, তখন সে কয় কোপে মারা গেছে, এটা গুরুত্বপূর্ণ নয়। বিচারিক আদালতে মারা গেছে প্রমাণিত হলেই বাকি সব এসে যায়। কিন্তু তারপরেও তো সঠিকভাবে ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন করতে হবে।”

এরপর আদালত সুরতহাল প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, চার্জশিট দিতে দেরি করছেন কেন?

জবাবে এসআই জাহিদুল বলেন, “আমি তদন্ত কর্মকর্তা নই। আমি কেবল সুরতহাল প্রতিবেদন করেছি।”

এই মামলায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে- আদালত জানতে চাইলে তিনি বলেন, সাতজন।

তবে এ সংখ্যার সঙ্গে দ্বিমত পোষণ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি তো জানি নয়জন।”

সবশেসে আদালত বলে, “ঠিক আছে, আমরা কোনো আদেশ দিলাম না। আদেশ দিলে বিচারিক আদালত প্রভাবিত হতে পারে। দুই মাস মুলতবি করা হল।”

বিশ্বজিত হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। গ্রেপ্তার আসামিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ।