২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ বাহিনীর জন্য পৃথক বিভাগ: প্রধানমন্ত্রী

পুলিশ বাহিনীর জন্য আলাদা বিভাগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পৃথক বিভাগ করার বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 05:01 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

Ôপুলিশ সপ্তাহ-২০১৩’ উপলক্ষে বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় শেখ হাসিনা বলেন, “আমি মনে করি পুলিশ বাহিনীর জন্য পৃথক একটি বিভাগের প্রয়োজন। এটি যুক্তিসঙ্গত, যা আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। কিন্তু এজন্য সময় প্রয়োজন।”

পৃথক বিভাগের বিষয়টি আগামী বাজেটে অন্তর্ভূক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এটি আগামী বছর সিদ্ধান্তটি বাস্তবায়নের সহায়ক হবে।

দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাহিনীকে আরো মনোযোগী হওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে এই বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।

শেখ হাসিনা জানান, তার সরকার পুলিশ বাহিনীতে আরো দুটি পদ প্রথম শ্রেণী করার ব্যবস্থা নিয়েছে।

পুরিশ বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার গত চার বছরে পুলিশ বাহিনীতে পাঁচশ ক্যাডার পদসহ ২৭ হাজার ৫১৬টি নতুন পদ সৃষ্টি করেছে। সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট পদকে দ্বিতীয় শ্রেণী এবং ইন্সপেক্টর পদকে প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে উন্নীত করেছে।

মতবিনিময়ের শুরুতেই ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পৃথক পুলিশ বিভাগ গঠনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও দক্ষতার সাথে জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তাদের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে অপরাধের ধরন ও কৌশল পাল্টাচ্ছে। অপরাধের সাথে জড়িত মানুষের সংখ্যা বেশি নয়, তবে তাদের অপরাধের ধরন এমন যে তারা সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের শান্তি বিনষ্ট করতে পারে।

পুলিশ কর্মকর্তারা ত্যাগ ও সেবার আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী  মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার,  অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল হক, রংপুর রেঞ্জের উপ মহাপরিদর্শক ইকবাল বাহার এবং সহকারি মহাপরিদর্শক (হাইওয়ে) আমেনা বেগম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান এসময় মঞ্চে উপস্থিত ছিলেন।