নতুন মুদ্রানীতি ৩১ জানুয়ারি
আগামী ৩১ জানুয়ারি নতুন মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।
এটি হবে চলতি ২০১২-১৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
নতুন মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর, অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা, বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তাদের মতামত নিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সব বিভাগের কর্মকর্তাদেরও মতামত নেয়া শেষ হয়েছে।
১৭ জানুয়ারি রাজধানীর আর্মি গলফ ক্লাবে বিশেষজ্ঞ, পেশাজীবী ও ব্যবসায়ীদের নিয়ে প্রথম মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
পরের দিন একই স্থানে দেশের সাবেক গভর্নর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ ও সরকারের সংশ্লিস্ট দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে বাংলাদেশ ব্যাংক।
সর্বশেষ ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সব বিভাগের মহাব্যবস্থাপক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতামত নেয়া হয়।
নতুন মুদ্রানীতি কেমন হবে- এ প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান বিডিনিউজ টোয়েন্টিফোর বলেন, “সংশ্লিষ্ট সকলের মতামত এবং দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বাস্তবধর্মী মুদ্রানীতি ঘোষণা করা হবে।”
বাংলাদেশ ব্যাংকের মনিটরি পলিসি ডিপার্টমেন্টের কর্মকর্তারা জানান, চলমান মুদ্রানীতির বাইরে নতুন আঙ্গিকে মুদ্রানীতি করার সুযোগ নেই। সামনে সরকারের নির্বাচনী বছর। এ সময় যেমন প্রবৃদ্ধি দরকার, দরকার মুল্যষ্ফীতি নিয়ন্ত্রণে থাকাও।
মুল্যষ্ফীতি ফের বাড়তে শুরু করেছে। অন্যদিকে বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন সংস্থা পূর্বাভাস দিয়েছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কম হবে।
চলতি অর্থবছরের বাজেটে সরকার জিডিপি প্রবদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে ৭ দশমিক ২ শতাংশ। গড় মুল্যষ্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে ধরা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে ডিসেম্বর পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। নভেম্বরে ছিলো ৭ দশমিক ৪১।
ডিসেম্বর গড় মূল্যষ্ফীতির হার ৮ দশমিক ৭৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমছে। গত নভেম্বর শেষে বেসরকারি খাতের ঋণ প্রবাহে ১৭ দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কম। ওই সময়ে ১৯ শতাংশ প্রবৃদ্ধি ছিলো।
যদিও জুলাই-ডিসেম্বর মুদ্রানীতিতে বেসরকারি খাতের প্রবাহে ১৮ দশমিক ৩০ শতাংশ ধরা হয়েছিলো।
