বৃহস্পতিবার প্রধানমন্ত্রী যাবেন, প্রস্তুত খুলনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার খুলনা সফরে যাবেন।
খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন জানান, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনায় পৌঁছার কথা। তিনি প্রথমে খুলনার খালিশপুর নৌঘাটিতে যুদ্ধ জাহাজ পদ্মার উদ্বোধন করবেন। এরপর বেলা ৩টায় খুলনা সার্কিট হাউজ ময়দানের জনসভায় ভাষণ দেবেন।
জনসভার আগে সার্কিট হাউজ ময়দানে শেখ আবু নাসের স্টেডিয়ামকে টেস্ট ভেন্যু হিসেবে উদ্বোধন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী হল এবং মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য অদম্য বাংলা, মহিলা ক্রীড়া কমপ্লেক্সের হোস্টেল, খুলনা ওয়াসা ভবন এবং খুলনা মেডিকেল কলেজের শহীদ জননী জাহনারা ইমাম ছাত্রী হলের প্রতিকী উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
এ সফরকে সামনে রেখে তোরণ, ব্যানার আর আলোকসজ্জায় বর্ণিল সাজে সাজানো হয়েছে গোটা খুলনা শহরকে।
নগরের প্রবেশপথ থেকে শুরু করে গোটা শহরে শতাধিক তোরণ নির্মাণ হয়েছে। সড়কদ্বীপগুলোতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে প্যানাফ্লেক্স ও নানা রঙের বিলবোর্ডের বেস্টনী তৈরি করা হয়েছে। বিলবোর্ডগুলোতে শোভা পাচ্ছে প্রধানমন্ত্রী, খুলনা সিটি মেয়র, জেলা ও মহানগরের আওয়ামী লীগ নেতাদের ছবি।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে সব প্রস্তুতি এরইমধ্যে শেষ হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমণ এবং বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
এদিকে প্রধানমন্ত্রী জনসভাস্থলসহ ও এর আশপাশের এলাকায় চার স্তর বিশিষ্ট কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাস্থল ও আশাপাশের এলাকায় চারস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এসএসএফ, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এ নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
