২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিনামূল্যে বিপিএলের ম্যাচ দেখবে শিক্ষার্থীরা 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বিনামূল্যে বিপিএলের ম্যাচ দেখার জন্য প্রতিদিন তিন হাজার শিক্ষার্থীকে সুযোগ দিচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 01:22 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

বুধবার চিটাগাং কিংস সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মনোনীত হওয়ার পর সিটি মেয়র এম মনজুর আলম এ ঘোষণা দেন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের একটি গ্যালারি চসিকের জন্য সংরক্ষিত থাকবে।

সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তিন হাজার শিক্ষার্থী সংরক্ষিত এ গ্যালারিতে বসে প্রতিদিন দুটি করে ম্যাচ দেখার সুযোগ পাবে।

আগামী ২৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত একদিন বাদে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এম এ আজিজ স্টেডিয়ামে। ২৮ জানুয়ারি বেলা ২টায় মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস ও সিলেট রয়েলস।

এদিকে, চিটাগাং কিংস সমর্থক গোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভায় মেয়র মনজুর আলম বলেন, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠেয় বিপিএলের ১০টি ম্যাচ দর্শকপূর্ণ করতে এবং ছাত্র-ছাত্রীদের খেলামুখী করার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শাহেদ আজগর চৌধুরী, মোজাম্মেল হক, চিটাগাং কিংস সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা কমিটির সদস্য মো. শাহাব উদ্দীন, উমর উদ্দীন আনসারী, সমর্থক গোষ্ঠীর সভাপতি প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সাধারণ সম্পাদক সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।