২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষী মোহন মুন্সীকে প্রাণনাশের হুমকি

দুবৃর্ত্তরা প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মানবতাবিরোধী অপরাধের বিচারাধীন জামায়াতে ইসলামী নেতা কামারুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী মনোয়ার হোসেন ওরফে মোহন মুন্সি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 11:03 AM

Updated : 23 Aug 2022, 10:05 AM

বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ের পর থেকে এ হুমকি দেয়া হচ্ছে বলে বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে সোমবার ফাঁসির দণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

২০১২ সালের ২৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন মোহন মুন্সি।

তিনি অভিযোগ করেন, “বাচ্চু রাজাকারের ফাঁসির রায় ঘোষণার পর থেকেই রাতের বেলায় অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। কামারুজ্জামানের ফাঁসি বা অন্যকিছু হলে আমার দেহ থেকে মাথা আলাদা করে ফেলা হবে বলছে তারা।”

“এ হুমকির কারণে অসুস্থ শরীর নিয়ে আমি রাতের বেলায় ঘুমাতে পারছি না,” বলেন তিনি।

মোহন মুন্সী আরো বলেন, ১৯৭১ সালে আমি তিনি মুক্তিযুদ্ধে যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কামারুজ্জামানের কারণে মুক্তিযুদ্ধে যেতে পারেননি। কামারুজ্জামান তাকে আল বদর বাহিনীর সদস্য হতে বাধ্য করেন।

“মুক্তিযোদ্ধা হতে না পেরে আলবদর হয়ে আমি কলংকিত হয়েছি। কামারুজ্জামানসহ অন্যসব যুদ্ধাপরাধীদের বিচারটা দেখে যেতে পারলে আমি শান্তি পেতাম। সঙ্গে মুক্তিযোদ্ধা হতে না পারার দুঃখটা মোচন হতো। একইসঙ্গে কলঙ্কটাও ঘুচে যেত,” বলেন তিনি।