২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ১১ মাঝি-মাল্লা হত্যা: আটক আরো ২

বরগুনার সোনাচর সমুদ্র চ্যানেলে ১১ মাঝি-মাল্লা হত্যার ঘটনায় আরো দুই জনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2013, 10:56 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

বুধবার ভোরে বান্দরবান ও কক্সবাজার থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার ছোট পাথরঘাটার মোহাম্মদ সুলতানের ছেলে মোহাম্মদ সব্বির (২৮) এবং কক্সবাজার শহরের পূর্ব কলাতলীর মো. ইব্রাহীমের ছেলে অলি চাঁন (৩০)।

গত ১ জানুয়ারি পাথরঘাটা থেকে একটি ট্রলারে ১৬ মাঝি-মাল্লা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। ট্রলারটিতে ৫ রোহিঙ্গা ও ১১ বাংলাদেশি নাগরিক ছিলেন।

এরপর ৫ জানুয়ারি কক্সবাজারের উখিয়ায় হামিদুল হক নামে এক রোহিঙ্গা নাগরিককে ট্রলারটিসহ আটক করে পুলিশ।

হামিদুল জিজ্ঞাসাবাদে বঙ্গোপসাগরের ১১ বাংলাদেশিকে হত্যার পর ট্রলার ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেন বলে পুলিশ জানায়।

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জাকের হোসাইন মাহমুদ বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকমকে বলেন, রোহিঙ্গা নাগরিক হামিদুলের দেয়া তথ্য অনুযায়ী বান্দরবানের টঙ্গাবতী রঞ্জুপাড়ার গহীন পাহাড় থেকে প্রথমে সাব্বিরকে আটক করা হয়।

“পরে সাব্বিরের কাছ থেকে ঠিকানা নিয়ে ঘটনায় জড়িত কক্সবাজারের পূর্ব কলাতলী এলাকা থেকে অলি চাঁনকে আটক করা হয়,” বলেন তিনি।

অভিযানে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার নেতৃত্ব দেন বলে জানান ডিবির ওসি।