বাহরাইনে নিহত ৯ জনের দাফন সম্পন্ন
বাহরাইনে নিহত চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ার নয় শ্রমিককে বুধবার নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে।
এর মধ্যে রয়েছেন চাঁদপুরের তিনজন, নোয়াখালীর একজন এবং ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ জন।
গত ১১ জানুয়ারি বাহরাইনের রাজধানী মানামার মুকারকায় একটি বাড়িতে আগুনে ১৩ বাংলাদেশির মৃত্যু হয়। এর মধ্যে রয়েছেন চাঁদপুরের তিনজন, চট্টগ্রামের তিনজন, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন, নোয়াখালী ও কুমিল্লার একজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চাঁদপুর প্রতিনিধি জানান, বাদ যোহর জানাযা নামাজ শেষে নিহত তিন জনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এরা হলেন চাঁদপুর সদরের ধনপর্দি গ্রামের স্কুল শিক্ষক সাত্তার খানের ছেলে মো. শাহীন খান (২৮), এবং কচুয়া উপজেলার দক্ষিণ গোহাট ইউনিয়নের নাউপুরা গ্রামের ফকির বাড়ির মো. শাহ আলমের দুই ছেলে শাহাদাত (৩০) ও টিটু (২৭)।
নোয়াখালী: সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ওসমান গণির লাশ দাফন করা হয়। ওসমান সোনাইমুড়ি উপজেলার কাশিপুর গ্রামের রহিমের ছেলে।
বারগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক দুলাল বলেন, ২০০৮ সালে ওসমান বাহারাইন গিয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া: সকাল সাড়ে ১০টায় কাইতলা গ্রামের দুই সহোদর সাইফুল ইসলাম সবুজ ও স্বপন মিয়া এবং পাশের গুয়ালী গ্রামের জসিম মিয়ার লাশ কাইতলা জজ্ঞেস্বর হাইস্কুল মাঠে রাখা হয়। এ সময় স্বজনসহ এলাকার মানুষের কান্নায় শোকের ছায়া নেমে আসে।
পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
অপর দুজন হলেন বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামের ঝারু মিয়া এবং গৌরি গ্রামের আনোয়ার মিয়া। তাদের পৃথক জানাজা শেষে দাফন করা হয়।
