ছাত্রলীগের ভাংচুরের পর দুমকিতে হরতালের ডাক
পটুয়াখালীর দুমকির পীরতলা বাজারে ছাত্রলীগের হামলা ও ভাংচুরের প্রতিবাদে বুধবার হরতাল ডেকেছে স্থানীয় ব্যবসায়ীরা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি কাজের দরপত্র নিয়ে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা-কর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক ঠিকাদার এবং তাদের সমর্থকদের সংঘর্ষ হয়।
দিনভর সংঘর্ষের সময় পীরতলা বাজারের শতাধিক দোকানপাট ভাংচুর এবং ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদসহ ১৫ জন ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা হয়।
এরপর ব্যবসায়ীরা বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। হরতালের সমর্থনে বাজারে মিছিলও করেন তারা।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন সাংবাদিকদের জানান, ভাংচুর এবং ব্যবসায়ীদের ওপর নির্যাতনের প্রতিবাদে এই হরতাল ডাকা হয়েছে।
হরতালের সমর্থনে মিছিলে নেতৃত্ব দেন আবুল হোসেন, যিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগেরও উপজেলা শাখার সভাপতি।
তিনি বলেন, “বাজারের ব্যবসায়ীদের ওপর ও তাদের প্রতিষ্ঠানে হামলার ক্ষতিপূরণ ও অভিযুক্তদের শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এ বিষয়ে দুমকি থানার ওসি জিএম শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছে।
“তবে ব্যবসায়ীরা বলাবলি করছে, বুধবার হরতাল,” বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আব্দুল মোতালেব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ৫৪ লাখ টাকার দরপত্র জমা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও দুমকী উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে উপাচার্যের নির্দেশে দরপত্র গ্রহণ বন্ধ করে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সোহাগ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এ ঘটনার জন্য একে অপরকে দোষারোপ করেন।
