পবিপ্রবিতে টেন্ডার নিয়ে সরকার সর্মথকদের সংঘর্ষ
সরকার সমর্থক দুইপক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে একটি কাজের দরপত্র জমা নেয়া বন্ধ করে দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।
শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এছাড়া বিকালে দুমকী বাজারে বিশ্ববিদ্যালয় গেইট সংলগ্ন কয়েকটি দোকান ভাংচুর করেছে একটি পক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজের দরপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। দুমকী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল ১০টার দিকে দরপত্রের ফরম জমা দিতে এলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী তাদের বাধা দেয়।
দুমকী থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, এ নিয়ে দুইপক্ষ প্রথমে বাকবিতন্ডা, হাতাহাতি ও পরে সংঘর্ষে জড়িয়ে যায়। এতে ১০-১৫ জন আহত হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দরপত্র জমা নেয়া বন্ধ করে দেয়।
ওসি আরো জানান, আহতদের পরিচয় জানা যায়নি। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আব্দুল মোতালেব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ৫৪ লাখ টাকার দরপত্র জমা দিতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও দুমকী উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে যায়।
এ সময় নেতাকর্মীরা দরপত্র কক্ষ ভাংচুর করে। পরে উপাচার্যের নির্দেশে দরপত্র গ্রহণ বন্ধ করে দেয়া হয়, বলেন প্রধান প্রকৌশলী।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সোহাগ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এ ঘটনার জন্য একে-অপরকে দোষারোপ করেন।
এদিকে এ ঘটনার পর আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পুর্নেন্দু বিশ্বাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
