যশোর ডিসি কার্যালয়ের কর্মচারীর লাশ উদ্ধার
যশোর জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রতাপকাটি পশ্চিম বিলের একটি গাছ থেকে সুধাংশু মণ্ডলের (৪৫)
ঝুলন্ত লাশ উদ্ধার করে মণিরামপুর থানা পুলিশ।
নিহত সুধাংশু মণ্ডল মণিরামপুর উপজেলার প্রতাপকাটি গ্রামের কাঙ্গাল মণ্ডলের ছেলে। তিনি যশোর জেলা প্রশাসক কার্যালয়ে উমেদার হিসেবে কর্মরত ছিলেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম খান জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। মৃতদেহটি মাফলার দিয়ে গাছের সঙ্গে ঝুলানো ছিল।
নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে সুধাংশু পরিবারের পক্ষ থেকে এক হত্যাকাণ্ড দাবি করায় পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
