২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেরুজয়ী’ ওয়াসফিয়া ফিরেছেন

বরফের রাজ্য অ্যান্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ ভিনসন ম্যাসিফ জয় করে মঙ্গলবার দেশে ফিরেছেন এভারেস্টজয়ী ওয়াসফিয়া নাজরীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 03:35 PM

Updated : 25 Apr 2022, 06:17 PM

গত ৪ জানুয়ারি ভিনসন ম্যাসিফের শৃঙ্গে আরোহন করেন তিনি। গত ৮ নভেম্বরে এ অভিযান শুরু করেছিলেন ওয়াসফিয়া।

বাংলাদেশের নারী প্রগতির ৪০ বছর উদযাপনের অংশ হিসেবে ‘বাংলাদেশ অন সেভেন সামিট ক্যামপেইন’র অংশ হিসেবে এই শৃঙ্গ জয় করেন ওয়াসফিয়া।

এর আগে তিনি এশিয়া ও পৃথিবীর সবোর্চ্চ শৃঙ্গ এভারেস্ট, এশিয়ার বাইরে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ দক্ষিণ আমেরিকার আকোনকাগুয়া এবং আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমানজারো জয় করেন।

মঙ্গলবার সকালে ঢাকা পৌঁছেন ওয়াসফিয়া। বিকালে জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রী) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অভিযানের অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।

ওয়াসফিয়া সংবাদ সম্মেলনে বলেন, “এভারেস্ট চূড়ায় ওঠার পরে যেমন ‍খুশি লেগেছিল, এবার তা লাগেনি। কারণ আমি যে সপ্তাহে এ পর্বতচূড়ায় উঠি সে একই সপ্তাহে বাংলাদেশে একটি ১৪ বছরের মেয়ে ধর্ষিত হয়। চূড়ায় ওঠার পরে আমার শুধু এ কথাটাই মনে পড়ছিল।”

তিনি বলেন, “এ ঘটনাটাই প্রমাণ কর যে আমাদের আরো অনেক দূর যেতে হবে। আরো অনেক কাজ বাকি পড়ে আছে।”

২০১২ সালের ৮ নভেম্বর ‘ভিনসন ম্যাসিফ’ অভিযানের কাজ শুরু করার পরে ২৯ নভেম্বর কানাডায় পৌঁছান। সেখানে তিন সপ্তাহ কঠোর প্রশিক্ষণশেষে ২৯ ডিসেম্বর চিলি হয়ে অ্যান্টার্কটিকা পৌঁছান।

ওয়াসফিয়া বলেন, “এভারেস্টের চূড়ায় উঠার সময় তাপমাত্রা মাইনাস ৩৫ ডিগ্রি ছিল। কিন্তু অ্যান্টার্কটিকায় প্রতিদিনই মাইনাস ৩৫-৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকতে হয়েছে।”

এ অভিযানে ওয়াসফিয়ার পরামর্শক হিসেবে ছিলেন এর আগে পৃথিবীর সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গগুলো বিজয়ী প্যাট্রিক মোরো। ৩০ বছর আগে তিনি এ কৃতিত্ব অর্জন করেন।

ওয়াসফিয়া আরো জানান, অ্যাটার্কটিকায় কর্মরত একজন বৃদ্ধ ব্রিটিশ নাগরিক জানিয়েছেন, অ্যান্টার্কটিকায় তার দীর্ঘ অবস্থানের সময় কখনো কোনো বাংলাদেশিকে তিনি দেখেননি। ওয়াসফিয়াকে দেখে খুবই আপ্লুত হন তিনি।

ওয়াসফিয়ার এ অভিযানের ব্যয়ভার বহন করে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক ও ব্র্যাক ব্যাংক। আগামী একবছর ব্র্যাকের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করবেন তিনি।

অভিযান শুরুর আগে ব্র্যাকের পক্ষ থেকে ওয়াসফিয়ার হাতে তুলে দেয়া বাংলাদেশের পতাকাটি ব্র্যাকের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন তিনি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, সিনিয়র প্রকল্প কর্মকর্তা রাশিদা পারভীন, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা জীশান কিংশুক হক এবং বিকাশের প্রতিনিধি সানিয়া মাহমুদ।