২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুক মামলায় বুয়েট শিক্ষক কারাগারে

যৌতুকের মামলায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছে কিশোরগঞ্জের একটি আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 01:46 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

মঙ্গলবার জেলা বিচারিক হাকিম আলী আহসান এ আদেশ দেন।

আরিফুর রহমান বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষক।

গত বছরের ২১ অক্টোবর তার স্ত্রী (২৭) এই আদালতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় মামলাটি দায়ের করেন।

মামলার বরাত দিয়ে বাদীর পরিবারের সদস্যরা জানান, কিশোরগঞ্জের আইনজীবী প্রয়াত সোহরাব উদ্দিন আহম্মদের মেয়ের সঙ্গে ২০০৭ সালে বিয়ে হয় দিনাজপুরের আলাদীপুর গ্রামের মো. আরিফুর রহমানের। আরিফ তখন বুয়েটের ছাত্র ছিলেন।

ওই সময় থেকে স্ত্রী (মামলার বাদী) কিশোরগঞ্জ শহরে বাবার বাড়ি থাকতেন। প্রতি সপ্তাহে আরিফ ঢাকা থেকে সেখানে যেতেন।

দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় আরিফের পড়াশোনার খরচসহ যাবতীয় ব্যয়ভার বহন করতেন শ্বশুর সোহরাব উদ্দিন আহম্মদ।

২০১১ সালে বুয়েটের শিক্ষক হন আরিফ। 

মামলার অভিযোগ আরো বলা হয়, শিক্ষক হওয়ার পর বদলে যান আরিফ। তিনি স্ত্রীর প্রতি দুর্ব্যবহার করতে থাকেন। মারধরও করা শুরু করেন।

এক পর্যায়ে তিনি বাড়ির কাজের জন্য স্ত্রীকে পাঁচ লাখ টাকা এনে দিতে বলেন বাবার বাড়ি থেকে। কিন্তু স্ত্রীর পরিবার সে টাকা দিতে পারেনি।

এ অবস্থায় আরিফ স্ত্রীকে তাদের বাড়ি তুলে নিতে নানা টালবাহনা করেন। এক পর্যায়ে দাম্পত্য সম্পর্কও অস্বীকার করেন তিনি।