২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের স্থগিত নিয়োগ ২ মাসে: মন্ত্রী

ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর বন্ধ হয়ে যাওয়া রেলের নিয়োগ প্রক্রিয়া দুই মাসের মধ্যে শুরুর আশ্বাস দিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।

শামীম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 11:12 AM

Updated : 25 Apr 2022, 06:17 PM

জনবল সঙ্কটে থাকা রেলে বিভাগে ১ হাজার ৫৮৪টি শূন্যে পদে নিয়োগের উদ্যোগ নিয়েছিল সরকার, প্রক্রিয়ায়ও শুরু হয়।

কিন্তু গত বছরের এপ্রিলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠার পর ওই প্রক্রিয়া স্থগিত করা হয়।

ওই সময় রেল মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে যে বিপুল অর্থ পাওয়া গিয়েছিল, তাও নিয়োগ বাণিজ্যের টাকা বলে অভিযোগ রয়েছে।    

সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় নিয়ে সুরঞ্জিতের পদত্যাগের কয়েক মাস পর নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়ে রেলের দায়িত্ব নেন মুজিবুল হক।

সরকারের চার বছরে রেলওয়ের সাফল্য ও নিয়োগ সংক্রান্ত বিষয়াদি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন তিনি।

মুজিব বলেন, গত বছরের ৯ এপ্রিল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গেইটে অনাকাঙিক্ষত ঘটনার পর এ নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে যায়।

“পরে মন্ত্রণালয় এ বিষয়ে পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চাইলে উচ্চ আদালতে রিট আবেদন হয়। উচ্চ আদালত পুনরায় অনুমতি দেয়ায় নিয়োগ প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেয়া হয়েছে।”

১ হাজার ৪৪১টি খালাসী এবং ১৪৩টি অ্যাটেনডেন্ট পদে নিয়োগের জন্য নতুন দুটি কমিটিও গঠন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।   

আগে দুটি ক্যাটাগরিতে নিয়োগের জন্য করা দুটি কমিটিতেই রেলওয়ের পূর্বাঞ্চলের তখনকার মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে প্রধান করা হয়েছিল। ওই কমিটি দুটি বাতিল করা হয়েছে বলে জানান মন্ত্রী।

বিজিবি ফটকে অর্থসহ ধরা পড়ার সময় ফারুকের গাড়িতে ইউসুফ মৃধাও ছিলেন। পরে তাকে বরখাস্ত করা হয়। দুদকের মামলায় এখন তিনি কারাগারে রয়েছেন।

দুটি ক্যাটাগরিতে নিয়োগে নতুন করে কোনো আবেদন করতে হবে না জানিয়ে মন্ত্রী বলেন, সেই সময়ের আবেদনকারীদের মধ্যে খালাসী পদে ৩৬ হাজার ৪৫৩টি এবং অ্যাটেনডেন্ট পদে ১১ হাজার ৬৪৪টি সঠিক ও বৈধ আবেদনকারীর পরীক্ষা নেয়া হবে।

পরীক্ষার পর সরকারি বিধিবিধান এবং জেলা ও অন্যান্য কোটা বণ্টনসহ সব সরকারি নীতিমালা অনুসরণ করে নতুন কমিটি নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, চূড়ান্ত সুপারিশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নিয়োগপত্র জারি করা হবে।

কবে নাগাদ নিয়োগের জন্য নতুন দুটি কমিটি গঠন করা হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, খুব শিগগিরই এ কমিটি গঠনের পর সবাইকে জানানো হবে।

নিয়োগ কমিটির কোনো গাফিলতি পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন রেলপথ মন্ত্রী।

কোনো ব্যর্থতা নেই

অর্থ কেলেঙ্কারির ঘটনা, নিয়োগ বাণিজ্য ও সিডিউল বিপর্যয় নিয়ে নানা অভিযোগ থাকলেও গত চার বছরে রেলে সফলতা ‘শতভাগ’ বলে দাবি করেছেন গত সেপ্টেম্বরে দায়িত্ব নেয়া মন্ত্রী মুজিব।

চার বছরে রেলপথ মন্ত্রণালয়ের কী কী ব্যর্থতা রয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “বিগত চার বছরে শতভাগ সফলতা রয়েছে, কোনো ব্যর্থতা নেই।”

রেলের সম্পত্তি বেহাত হয়ে যাওয়া বা অবৈধভাবে হস্তান্তর করার অভিযোগ নাকচ করে মুজিব বলেন, “মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর রেলের এক ইঞ্চি জমিও কাউকে দিইনি।”

গত চার বছরের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, চার বছরে ৭ হাজার ৯৮০ কোটি টাকা ব্যয়ে ৫৯টি উন্নয়নমূলক কাজের চুক্তিপত্র সাক্ষরিত হয়েছে।

রেলের ২৯৫টি লোকোমোটিভের মধ্যে ২২৩টির ইকনোমিক লাইফ শেষ হয়ে যাওয়ায় ট্রেনের সময়সূচি বিঘিœত হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ২০১৩ সালে নতুন লোকোমোটিভ, যাত্রীবাহী কোচ, ওয়াগন, ক্রেন ও মেশিন যুক্ত হওয়ার পর এ সমস্যা আর  তেমন থাকবে না।

সরকারি অর্থায়নে আগামী মে মাসের মধ্যে ২০ সেট (৩ কোচে এক সেট) কমিউটার ট্রেন চীন থেকে আসবে।

২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ৫৪টি নতুন ট্রেন বিভিন্ন রুটে চালু করা হয়েছে বলে জানান মন্ত্রী।

রেলওয়ের লাইন ক্যাপাসিটি বাড়ানোসহ যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।

রেল সচিব মোহাম্মদ মাহবুব উর রহমান, রেল মহাপরিচালক আবু তাহেরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে মন্ত্রীর সঙ্গে ছিলেন।