২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রুশ অস্ত্র কেনার শর্ত নমনীয়’

রাশিয়া থেকে অস্ত্র কেনা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মধ্যে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানিয়েছে সামরিক বাহিনী।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 04:59 PM

Updated : 13 Oct 2022, 02:47 PM

সোমবার বিরল এক সংবাদ সম্মেলনে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অস্ত্র কেনার ঋণচুক্তির শর্তগুলো বেশ ‘নমনীয়’ এবং প্রক্রিয়াটি ‘স্বচ্ছ’।

তবে রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানানো হয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওই সংবাদ সম্মেলনে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরে গত ১৫ জানুয়ারি ১০০ কোটি মার্কিন ডলারের সামরিক ঋণচুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, ঋণের টাকায় ওই দেশ থেকে সমর সরঞ্জাম কিনবে বাংলাদেশ।

এই ঋণচুক্তি নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়। তার মধ্যে সংবাদ সম্মেলন করল আইএসপিআর, এই ধরনের চুক্তির বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য জানোতে সাধারণত দেখা যায় না।

আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ সাইফুল হক সংবাদ সম্মেলনে বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বাড়ানো এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পরিবর্তনশীল নীতির সঙ্গে সঙ্গতি রেখে নতুন অস্ত্র কেনার এই প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে।

“অস্ত্র কেনার প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, তবে গোপনীয়তা রক্ষায় এর বিস্তারিত প্রকাশ করা যাচ্ছে না।’

প্রায় দেড় ঘণ্টার ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, এই ঋণের বার্ষিক সুদ হবে ৪ দশমিক ৫ শতাংশ। ২০১৮ সালের ১৫ এপ্রিল থেকে ঋণ পরিশোধ প্রক্রিয়া শুরু হবে, যা ২০টি ধাপে পরবর্তী ১০ বছরের মধ্যে শেষ হবে।

এর চেয়ে বেশি সুদে এর আগেও অন্য দেশ থেকে অস্ত্র কেনা হয়েছিল বলে জানান লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল। তবে গোপনীয়তার ‘স্বার্থে’ এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন থেকে সমরাস্ত্র কিনে থাকে বাংলাদেশ।

এক প্রশ্নের উত্তরে আবু বেলাল বলেন, “আমরা ব্যাংকের মাধ্যমে সরাসরি রাশিয়া সরকারকে টাকা পরিশোধ করব। এর মাঝে কোনো মধ্যস্ততাকারী থাকবে না, সুতরাং এতে কোনো কমিশন নেয়ার প্রশ্নও উঠে না।”

সেনাবাহিনীর অনেক অস্ত্র পুরনো হয়ে গেছে বলে নতুন সরঞ্জাম যোগ করার পক্ষে যুক্তি দেখান সেনা কর্মোকর্তা আবু বেলাল।

সংবাদ সম্মেলনে বিমান বাহিনীর উপপ্রধান এয়ার ভাইস মার্শাল আবু এসরারও বলেন, তার বাহিনীর জন্য আরো হেলিকপ্টার প্রয়োজন।

রাশিয়ার সঙ্গে অস্ত্র কেনার চুক্তি নিয়ে সন্তোষের কথা জানান বিমান বাহিনীর উপপ্রধানও।

সংবাদ সম্মেলনে বলা হয়, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা চিহ্নিত হওয়ার পর দেশের অর্থনৈতিক সমুদ্র অঞ্চলের নিরাপত্তায় নৌবাহিনীরও আরো সরঞ্জাম প্রয়োজন।