নিতাইগঞ্জের অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে প্রধান সড়ক দখল করে গড়ে তোলা অবৈধ ট্রাকস্ট্যান্ডটি উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আব্দুর রউফ তালুকদার এ আদালতের নেতৃত্ব দেন। বিপুল সংখ্যক পুলিশ তাকে সহায়তা করেন।
প্রধান সড়কটিকে যানজটমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে জানান এই নির্বাহী হাকিম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের পাইকারী ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জে প্রধান সড়ক দখল করে অবৈধ ট্রাকস্ট্যান্ড বানিয়ে সেখানে ট্রাক পার্কিং করে রাখা হতো। এতে সড়কটি সংকুচিত হয়ে যাওয়ায় যানজট ও প্রায়ই দুর্ঘটনা ঘটত।
ট্রাকগুলো সরিয়ে নেয়ার জন্য তাদের কয়েক দফা জানানো হলেও শোনেনি তারা। তাই উচ্ছেদ করা হয়।
