মালিবাগে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
রাজধানীর মালিবাগে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহত পুলিশ কনস্টেবলের নাম মো. ইউসুফ (৩০)। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ইউসুফ রাজাবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার বাড়ি বরিশালে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, মালিবাগ মোড়ে রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন ইউসুফ। রমনা থানার এসঅাই আলতাফ হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
ওই সময় কনস্টেবল ইউসুফ তার এক স্বজনের বাসায় যাওয়ার জন্য বের হয়েছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
