২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে গাইবান্ধায় পুলিশের গাড়ি ভাংচুর

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পুলিশের গাড়িসহ প্রায় ১০টি গাড়ি ভাংচুর করেছে হরতাল সমর্থকারীরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2013, 10:07 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মহেষপুরে এ ঘটনার সময় পুলিশ ও পিকেটারদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়।

পরে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বলেন, হরতালে যেকোনো নাশকতামূলক ঘটনা এড়াতে গাইবান্ধার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুর রহীমসহ ত্রিশ নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদ ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে গাইবান্ধায় অর্ধদিবস হরতাল ডাকে ১৮ দলীয় জোট

হরতালে বেলা ১২টা পর্যন্ত পিকেটাররা রংপুর-ঢাকা মহাসড়কের জেলার পলাশবাড়ীর কোমরপুর ও মহেষপুরে অবস্থান নিয়ে পিকেটিং করে। এ সময় সড়কের দুই পাশে শ শ যান আটকা পড়ে।

এছাড়া হরতাল চলাকালে গাইবান্ধা শহরে দোকানপাট বন্ধ ছিল। শহরে রিকশা ও অটোরিকশা ছাড়া কোনো যান চলাচল করতে দেখা যায়নি। গাইবান্ধা থেকে দূরপাল্লার কোনো বাসও ছেড়ে যায়নি।