আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু
সাভারের আশুলিয়ায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে হাই কোর্টের এক আইনজীবী নিহত হয়েছেন।
নিহত আসফাক আহম্মেদ রাজিব (৩০) মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ওয়াজেদ আলীর ছেলে।
সোমবার ভোরে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
রাজিবের প্রতিবেশি ও ঢাকা জর্জ কোর্টের আইনজীবী আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি ব্যারিস্টারি পাস করে দেশে ফেরেন হাই কোর্টে প্রাকটিস করছিলেন রাজিব।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে মানিকগঞ্জের বাড়ি থেকে নিজেই প্রাইভেটকার চালিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন রাজিব। ঘোষবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে তার প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাজিবের মৃত্যু হয়।
ওই ট্রাক জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা বদরুল।
নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই থানা থেকে লাশ নিয়ে গেছে।
