‘এই রায় দায়হীনতার সংস্কৃতি থেকে মুক্তি’
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক রুকন আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ দ্রুত কার্যকর করার ওপর জোর দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
“আমরা এ রায়ের জন্য অধীর আগ্রহে ছিলাম। মানবতাবিরোধী অপরাধে এ ফাঁসির আদেশে একদিকে আমি আনন্দিত, অন্যদিকে ব্যথিত।
“এতোদিন আমরা দায়হীনভাবে ছিলাম; আজ ফাঁসির আদেশে দায়বদ্ধতার নতুন সূচনা হলো- এজন্যে আনন্দিত।”
তবে আইনের চোখে ফাঁকি দিয়ে ‘বাচ্চু রাজাকার’ বাইরে থাকায় অসন্তোষের প্রকাশ করেন মিজানুর রহমান।
নগরীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে রায় দ্রুত কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে তিনি সাংবদিকদের বলেন, “এখন চাই, যেভাবেই হোক তাকে ধরে আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করা হোক। একইসঙ্গে সব ধরনের মানবতাবিরোধী অপরাধীর বিচার দ্রুত কার্যকর করতে হবে।”
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর নেতা আবুল কালাম আযাদের বিরুদ্ধে গণহত্যা, খুন, ধর্ষণ, লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
