ফেইসবুকের তথ্য ভিত্তি ধরে আদালতের আদেশ
সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে ফেইসবুকের একটি ‘নোট’ আমলে নিয়ে আদেশ দিয়েছে হাই কোর্ট।
রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এক চিকিৎসকের হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্র ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়ে ওই আদেশ দেয়।
গত ১ ডিসেম্বর দক্ষিণখানের চেয়ারম্যান বাড়ি এলাকার ব্র্যাক ক্লিনিকের তৃতীয় তলা থেকে সাদিয়া আফরীন ইভা (২৭) নামে ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ, যাকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হওয়ার পর হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
তার এই অস্বাভাবিক মৃত্যুর পর গণমাধ্যমে খবর এলেও রাষ্ট্র ও সমাজের দায়-দায়িত্ব নিয়ে নিজের ফেইসবুক পাতায় প্রশ্ন রাখেন আইনজীবী জেসিকা ইরফান।
তিনি মৃত সাদিয়া আরেফীন ইভাকেই বক্তার আসনে বসিয়ে সমাজের প্রতি ছুড়ে দেন বেশ কয়টি প্রশ্ন।
জানতে চেয়েছেন কর্মস্থলে তার নিরাপত্তা দিতে যারা ব্যর্থ হয়েছেন তাদের দায়িত্ববোধ কী হওয়া উচিত ছিল, তুলে ধরেছেন নিজের অবর্তমানে পরিবারের অসহায়ত্ব আর পাশে দাঁড়ানোর আর্তি, নির্বাক অস্বস্তি নিজের মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়েও।
‘ইভা’ (জেসিকা) বিস্ময় প্রকাশ করেছেন নারী সংগঠন ও রাজনৈতিক দলগুলোর নির্বাক আচরণে। চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নিয়েও ক্ষোভ ঝরেছে ‘বক্তা’ ইভার কণ্ঠে।
আদালতের আদেশের পর ওই নোটের অনুলিপি সাংবাদিকদের সরবরাহ করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর।
তিনি বলেন, “ওই ঘটনায় রাষ্ট্র ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা গ্রহণ করেছে, তা আদালতকে জানাতে হবে। একটি অনলাইন কনটেন্টের ভিত্তিতে এই আদেশ হয়েছে।”
অবশ্য লিখিত কোনো আবেদন ছাড়া উচ্চ আদালত আদেশ দিতে পারে কি-না, তা নিয়ে দেশের আইন অঙ্গনে বিতর্ক রয়েছে।
সংবিধান বিশেষজ্ঞ মাহমুদুল ইসলাম তার ‘কনস্টিটিউশনাল ল’ অব বাংলাদেশ’ বইয়ের সর্বশেষ সংস্করণেও এ বিষয়ে বক্তব্য তুলে ধরেছেন।
ওই বইয়ে তিনি বলেন, সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে রিট এখতিয়ারে আদালত সংক্ষুব্ধ ব্যক্তির লিখিত আবেদন ব্যতীত আদেশ দিতে পারে না।
গত বছর ওই বইয়ের সর্বশেষ সংস্করণ প্রকাশিত হওয়ার পর সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমীর উল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এটা সংবিধানে সংক্ষুব্ধ ব্যক্তির লিখিত আবেদনের কথা লিখেছিলাম ঠিক আছে।
“তবে ন্যায় বিচারের স্বার্থে আদালত যে কোন কিছুকে লিখিত আবেদন হিসাবে বিবেচনা করে আদেশ দিতে পারে।”
ইভা হত্যাকাণ্ডের বিষয়ে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে তা জানাতে বলা হয়েছে।
ব্র্যাক ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে কি না, এ ধরনের ক্লিনিকে নারী কর্মীদের নিরাপত্তা বিধানে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে এবং কী ব্যবস্থা নেয়া হবে, ব্র্যাককে তাও জানাতে বলা হয়েছে।
আদালত জানতে চেয়েছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এনজিও ব্যুরোর ভূমিকা বিষয়েও, যা জানাতে বলা হয়েছে ব্যুরো পরিচালককে।
সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট-১ করছিলেন ইভা। পাশাপাশি ওই ক্লিনিকে খণ্ডকালীন চিকিৎসক হিসেবেও কাজ করতেন তিনি।
ইভার বাবা মনিরুল ইসলাম পুলিশের উপপরিদর্শক (এসআই)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি আদালতে কর্মরত। তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।
ইভা হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার করা হয় ব্র্যাক ক্লিনিকের কেয়ারটেকার ফয়সালকে, আদালতে তিনি দোষ স্বীকারও করেছেন।
‘ইভার’ (জেসিকার) সেই নোট
মোট ছয়টি প্রশ্ন রাখা হয়েছে এই নোটে। যেখানে ব্র্যাক, বুড়ো বাবা-মার প্রতি রাষ্ট্রের দায়িত্বসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন রেখেছেন, যা হুবহু তুলে দেয়া হলো।
এক. ব্র্যাক দক্ষিণ খান ক্লিনিকের কি কোন দায়িত্ব ছিল না আমার জীবন সম্ভ্রমের নিরাপত্তা দেবার ? এই ব্যপারে আইন আমার পরিবার কে কি সাহায্য করতে পারে ?
দুই: আমার জীবনের মূল্য কতো ? কে পরিশোধ করবে এই মূল্য আমার পরিবারকে ? কারণ আমারই তো আমার বুড়ো বাবা মা বোন কে দেখাশোনা করার কথা ছিল।
তিন: আমি সিলেট মেডিকেল কলেজের ছাত্রী ছিলাম। আমার মৃত্যুর পর তারা পালন করলো সিলেট মেডিকেল কলেজের ৫০ বৎসর পূর্তি-উৎসব। আমার কি কোন দাবী নাই কলেজের ওপর ? তারা কি আমার এই হত্যাকাণ্ডের বিচার চাইতে পারত না সরকারের কাছে? ক্ষতিপূরণ চাইতে পারতো না ব্র্যাক এর কাছে ?
চার: আমি তো তোমার মতো একজন নারী , একবারও কি আমার জন্য তোমরা দুই কলম লিখতে পারতে না ? আজ আমার এই করুন পরিনতি কাল তোমার হবে না কে বলতে পারে ? আমি নিজেও কি জানতাম আমার পরিণতির কথা ?
পাঁচ: এতো গুলো নারী সংগঠন,রাজনৈতিক দল আছে কতো দাবী নিয়ে তারা রাস্তায় নামে। হাতে প্ল্যাকার্ড নিয়ে সরব নীরব মিছিল করে, কই আমার বেলায় তো কেউ কিছু বলল না ?
ছয়: আমাদের সংগঠন বি এম এ যেখানে আমি ডাক্তার হওয়ার পর থেকে চাঁদা দিয়ে আসছি তাদের কি কোন দায়িত্ব নেই ?
