দিনাজপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার রাতে ফেন্সিডিলসহ দীপংকর রাহা বাপ্পী গ্রেপ্তার হন। তিনি শহরের জুগী পাড়ার প্রয়াত দীলিপ রাহা টুবলের ছেলে।
বীরগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজ মোড় এলাকায় একটি ঘর থেকে ২৮ বোতল ফেন্সিডিলসহ দীপংকরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় সুজালপুর ইউনিয়নের প্রয়াত ইদ্রিস আলীর ছেলে মো. মনোয়ার হোসেন পালিয়ে যান বলে জানান ওসি।
সহকারী পুলিশ সুপার (এএসপি) এটিএম শাহিন আহমেদ বলেন, “ওই ঘরে বসে কিছু অপরাধী দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করে আসছিল। বিশেষ কারণে আমরা এতদিন অভিযান চালাতে পারিনি।”
বাপ্পীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও ভাঙচুরের অভিযোগে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে বলেও তিনি জানান।
এএসপি শাহিন আহমেদ আরো বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দীপংকর এবং পলাতক মনোয়ারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছে।
