২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রসিকিউটর মালুমের বিষয়ে সিদ্ধান্তের ভার প্রধান প্রসিকিউটরের ওপর

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল মালুমের অপসারণ চেয়ে করা আবেদনের বিষয়ে সিদ্ধান্তের ভার প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর ‘সুবিবেচনা’র ওপর ছেড়ে দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

রোববার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই সিদ্ধান্ত দিয়ে আবেদনটি নিষ্পত্তি করে দেন।

ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, তিনি (মালুম) মামলা পরিচালনা করবেন কি করবেন না, তা ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সুবিবেচনার ওপর নির্ভর করবে।

এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ অনুসারে সরকার ট্রাইব্যুনালে কৌঁসুলি নিয়োগ দেয় এবং প্রধান কৌঁসুলির নেতৃত্বে তারা মামলা পরিচালনা করেন। ফলে কৌঁসুলি জেয়াদ আল মালুম মামলা পরিচালনা করবেন কি, করবেন না- তা প্রধান কৌঁসুলি নির্ধারণ করবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান এবং প্রবাসী এক আইন গবেষকের মধ্যে কথিত স্কাইপ কথোপকথনে জেয়াদ-আল মালুমের নাম আসায় তার অপসারণ চেয়ে দুটি আবেদন করে আসামিপক্ষ।

আদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আরও বলে, তার (মালুম) অপসারণ চেয়ে করা আবেদনগুলো অবৈধভাবে হ্যাকিংয়ের মাধ্যমে পাওয়া স্কাইপ কথোপকথনের ওপর ভিত্তি করে হয়েছে।

প্রসিকিউটর মালুমকে অপসারণে আবেদন দুটি করেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরা।