টাকা থাকলে সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতাম: হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাকা থাকলে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকেই তিনি জাতীয়করণ করতেন।
শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাবলিক প্লাজায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ঢাকার গোপালগঞ্জ সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়।
শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধু মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করে দিয়েছিলেন। আমরা এখন ৪০ ভাগ ছেলে মেয়েকে উপবৃত্তি দিচ্ছি। হাতে টাকা থাকলে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে অবৈতনিক করে জাতীয়করণ করে দিতাম। এমনকি মাস্টার্স পর্যন্ত অবৈতনিক করে দিতে পারতাম।
“তারপরও প্রতিটি প্রইমারি স্কুলে পাকা দালান করে দিয়েছি। ২৬ হাজার বেসরকারি প্রথমিক বিদ্যালয় ও এক লাখ চার হাজার শিক্ষককে জাতীয়করণ করেছি।”
প্রত্যেক উপজেলায় একটি করে মডেল স্কুল তৈরির কাজ শুরু এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করার কথা জানান তিনি।
শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও ভ্রাম্যমাণ কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করা হয়েছে। এক হাজার ৬৪০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথাও জানান হাসিনা।
বিজ্ঞান শিক্ষার প্রসার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “অমরা বিজ্ঞান প্রযুক্তি ও ভকেশনাল শিক্ষাকে গুরুত্ব দিয়েছি। এ শিক্ষা প্রসারের লক্ষ্যে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। ৩০৬টি উপজেলায় কম্পিউটার ল্যাব ও বিজ্ঞানাগার গড়ে তুলেছি।”
দেশের ৪৫৫৩টি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র চালু করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের সমানভাবে শিক্ষার সুযোগ ও সহযোগিতা দিয়ে শিক্ষিত করে সম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মেধা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে। তোমাদের ভালভাবে লেখাপড়া করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষিত হয়ে দেশে বিদেশে চাকরি নিতে হবে।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী পদক পরিয়ে, সনদপত্র, বঙ্গবন্ধুর আতœজীবনী, সদনপত্র ও বৃত্তির নগদ টাকা গোপালগঞ্জ জেলার কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, “আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিলে যাতে শতভাগ পাশ করতে পারে অমরা সে রকম শিক্ষার পরিবেশ সৃষ্টি করছি। শতভাগ ভর্তির ব্যবস্থা রেখেই আমরা পরীক্ষা নিচ্ছি। আমাদের ছেলে মেয়েরা পরীক্ষায় অংশগ্রহণ করে ফেল করবে না।
“আমরা শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছি। শিক্ষানীতি প্রণয়ন করে বাস্তবায়নের কাজ করছি। শিক্ষার মানউন্নয়ন, শিক্ষিতের হার বৃদ্ধি ও পাশের হার বাড়াতে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।”
আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশ একটা ভাল অবস্থানে আছে।প্রায় তিন কোটি ৪০ লাখ মেট্রিক টন খাদ্য উৎপাদিত হয়েছে। বাংলাদেশে খাদ্যের হাহাকার নেই।
গোপালগঞ্জ সমিতির সভাপতি শেখ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মুহা. ফারুক খান, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, গোপালগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক শৈলেন্দ্র নাথ মজুমদার কৃতি শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, স্বারাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী প্রমুখ।
গোপালগঞ্জ সমিতি ২০১২ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত জেলার ৬৬০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্বর্ধনা দিয়েছে।
সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় চত্বরে মতবিনিময়
বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে মতবিনিময় সভায় যোগ দেন।
এ সময় তিনি বলেন, ৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা এ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করেছিলাম। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে তা বন্ধ করে দেয়। আমরা আবার ক্ষমতায় এসে এটি চালু করেছি। এ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, ভৌত অবকাঠামোর উদ্বোধন করেন।
