টাঙ্গাইলে ফারুক হত্যা: রোববার হরতাল
আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তার দাবিতে রোববার টাঙ্গাইল পৌর এলাকায় ছয় ঘণ্টা হরতাল ডেকেছে সরকারি দল।
শুক্রবার রাতে জেলা কমিটির সদস্য ফারুক আহমদকে (৬০) গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শনিবার বিকালে শহরের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে বেবিস্ট্যান্ড কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় এই মুক্তিযোদ্ধাকে সমাহিত করা হয়।
খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, সাংসদ খন্দকার আবদুল বাতেন, শওকত মোমেন শাজাহান, একাব্বর হোসেন ও আমানুর রহমান খান রানাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জানাযায় অংশ নেন।
দলীয় লোকই তাকে হত্যা করেছে বলে দাবি নিহতের স্বজনদের।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে জানিয়েছেন টাঙ্গাইল মডেল থানার ওসি নজরুল ইসলাম।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রোববার টাঙ্গাইল পৌর এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল করা হবে।
সকালে ময়নাতদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ বাসায় নিলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে, এ ঘটনায় করটিয়া বাইপাসে সা’দত কলেজ ছাত্রলীগের অবরোধে বেলা ১টা থেকে একণ্টা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে যান চলাচল বন্ধ থাকে।
জেলা ছাত্রলীগ ও শ্রমিক লীগ বেলা ১২টায় শহরে বিক্ষোভ মিছিল ও নিরালার মোড়ে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে জেলা ছাত্রলীগ সভাপতি নাজমুল হুদা নবীন, সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ রাজীব, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী বক্তৃতায় অবিলম্বে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এছাড়া জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক (বাস) রাশেদুর রহমান তাবিব বলেন, সমিতির উপদেষ্টা ফারুক আহমদের হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জেলায় সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়।
বাসাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
ফারুক আহমদ জেলা শ্রমিক ফেডারেশন ও জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির উপদেষ্টা, স্থানীয় সাপ্তাহিক মূলস্রোত পত্রিকার সম্পাদক, সদর উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান, টাঙ্গাইল রেডক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও করোনেশন ড্রামাটিক ক্লাবের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।
তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কলেজ পাড়ায় নিজ বাসববনের কাছে তিনি গুলিবিদ্ধ হন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নাহার আহমেদের অভিযোগ, তার স্বামীকে দলীয় লোকজনই হত্যা করেছে।
