২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি কামনায় শেষ হল বিশ্ব ইজতেমা

পাপমুক্তি, রোগমুক্তি ও বিশ্বশান্তির কামনায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের কন্ঠের আমিন, আল্লাহুমা আমিন ধ্বনিতে মুখরিত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হল এবারের বিশ্ব ইজতেমা।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 01:26 PM

Updated : 13 Oct 2022, 02:47 PM

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি এবং দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার তৌফিক কামনা করা হয়। জীবনের সব পাপ-তাপ থেকে মুক্তির জন্য পরম দয়াময় আল্লাহর দরবারে পানাহ ভিক্ষা করেন মুসল্লিরা।

প্রথম পর্বের ইজতেমা ১১ জানুয়ারি শুরু হয়ে চলে ১৩ তারিখ পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের ইজতেমা শুরু হয় শুক্রবার (১৮ জানুয়ারি)।

দুপুর ১২টা ৪৫ মিনিটে ভারতের মাওলানা জোবায়রুল হাসানের পরিচালনায় মোনাজত শুরু হয়ে চলে ১টা ৩ মিনিট পর্যন্ত।

মোনাজাত শুরুতেই পুরো এলাকা নীরব হয়ে যায়। খানিক পর পর শুধু ভেসে আসে আমিন, ছুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোনাজাতরত মানুষের কান্নার আওয়াজে বাতাস ভারি হয়ে ওঠে।

মোনাজাতের আগে সকাল ৯টা থেকে হেদায়েতি বয়ান পরিচালনা করেন ভারতের মাওলানা সা’দ আহমেদ।

হেদায়েতি বয়ান

হেদায়েতি বয়ানে মাওলানা সা’দ আহমেদ বলেন, নামাজ হল সবচেয়ে উঁচু আমল। নামাজ ছাড়া ইসলাম কল্পনা করা যায় না। আল্লাহ্র ভা-ার থেকে কিছু নেয়ার সবচেয়ে বড় উপায় হল নামাজ।

আল্লাহর কাছ থেকে দোয়ার মাধ্যমে সকল সমস্যার সমাধান করে নিতে হবে। এ জন্য মসজিদে যেতে হবে। মসজিদের আমল রক্ষা করতে হবে। মসজিদের বাইরে তালাশ করলে কোনো সমস্যার সমাধান হবে না। বাইরের সমস্যা সমাধানের জন্য মসজিদের বাইরে ছোটাছুটি করলে তার সমাধান হবে না। বাইরে ছোটাছুটি করতে গিয়ে অনেকে মসজিদে গিয়ে ফরজ নামাজও আদায় করতে পারেন না। নামাজ হল মোমিনের জন্য মেরাজ স্বরূপ।

আধুনিক প্রচার মাধ্যম ব্যবহার করে দ্বীন ও ঈমান-আমলের দাওয়াত প্রচার না করে দলবদ্ধভাবে নবী-রাসুল-সাহাবীদের তরিকা মতো মুসলমানদের ঘরে ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার আহ্বান জানান মাওলানা সা’দ।

বাদ ফজর বয়ান

হেদায়তি বয়ানের আগে রোববার বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. রবিউল ইসলাম।

মাওলানা মো. রবিউল ইসলাম বয়ানে বলেন, মসজিদ ও ঘরে দ্বীনি আমলের তালিম আনতে হবে। একাজে ২৪ ঘণ্টার মধ্যে আট ঘণ্টা। তা না হলে কমপক্ষে আড়াই ঘণ্টা দ্বীনের দাওয়াতির মেহনত করতে হবে।

রাতের ইবাদতের বিষয়ে তিনি বলেন, আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্নাকাটি করলে আল্লাহ ফরিয়াদীকে ফিরিয়ে দিতে লজ্জা পান।

ইজতেমামুখী লাখো মানুষ

আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকেই টঙ্গীর ইজতেমা অভিমুখে শুরু হয় মানুষের ঢল।

শনিবার মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লি হেঁটে ইজতেমাস্থলে পৌঁছেন।

সকাল ১০টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলি-গলিতে অবস্থান নেন। ইজতেমাস্থলে পৌঁছতে না পেরে লাখো মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোনাজাতের জন্য খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা, পলিথিন বিছিয়ে বসে পড়েন।

এছাড়া পাশের বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদ, যানবাহনের ছাদ ও তুরাগ নদীতে নৌকায় মুসল্লিরা অবস্থান নেন। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু টুপি-পাঞ্জাবি পড়া মানুষ। সবারই অপেক্ষা কখন শুরু হবে সেই কাঙ্খিত আখেরি মোনাজাত। ইজতেমাস্থলের চারপাশের ৩-৪ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও তিল ধারণের ঠাঁই ছিল না।

আখেরি মোনাজাতের জন্য রোববার ইজতেমাস্থলের আশপাশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিস-আদালতে ছুটি ছিল। নানা বয়সী ও পেশার মানুষ এমনকি মহিলারাও মোনাজাতে অংশ নেন।

মোনাজাতের ভিআইপিরা

গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন বলেন, বিশ্বইজতেমা ময়দানের দোয়া মঞ্চের পাশে বসেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও তার রাজনৈতিক সহকর্মীরা, সাংসদ জাহিদ আহসান, টঙ্গী পৌর মেয়র আজমত উল্লাহ খান, গাজীপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

ইলেক্ট্রনিক মাধ্যমে মোনাজাত

ইজতেমা মাঠে না এসেও মোনাজাতের সময় হাত তুলেছেন অসংখ্য মানুষ। গাজীপুরের চন্দনা চৌরাস্তা মজিদ মাঠ, নলজানি ওয়্যারলেস মাঠ, ভুরুলিয়া ওয়াপদা মাঠ, কালিয়াকৈর উপজেলার রতনপুর, আন্ধারমানিক, সফিপুর বাজারসহ বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ও ওয়্যারলেস সেটের মাধ্যমে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এসব স্থানে নারীদের ব্যাপক উপস্থিতি ছিল।

আবার টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি সম্প্রচার করায় অনেকে বাসায় বসে মোনাজাতে অংশ নেন।

আরেক মুসল্লির মৃত্যু

রোববার সকালে আরেক মুসল্লির মৃত্যু হয়েছে। মো. হোসেন আলী (৭০) নামের এই মুসল্লির বাড়ি ময়মনসিংহ সদরের উজান গগেড়া দাপুনিয়া বাজার এলাকায়।

বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয় বলে জানান, ইজতেমার মাসলেহাল জামাতের সদস্য মো. আদম আলী।

এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমার দুই পর্বে মোট ২৪ মুসল্লির মৃত্যু হয়েছে।

মোনাজাত শেষে যানজট

মোনাজাত শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে অবস্থান নেয়া মানুষ একযোগে নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করায় টঙ্গীর আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয় ব্যাপক যানজট।

ভ্রাম্যমাণ আদালত

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহনওয়াজ দিলরুবা খান জানান, ইজতেমা এলাকায় ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। তারা ইজতেমাস্থলের আশপাশের বিভিন্ন খাবার দোকানে অভিযান চালিয়ে মোট ৬৭টি মামলা এবং ২ লাখ ৭৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন।

টঙ্গী হাসপাতালে চিকিৎসা

গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্লাহ বলেন, টঙ্গী হাসপাতাল ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে গত ১০ জানুয়ারি থেকে রোববার (২০ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ৩১ হাজার ২৫৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

এদের মধ্যে শ্বাসকষ্ট ও হৃদরোগের ১২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১৮৬ জনকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া আশপাশের বিভিন্ন ফ্রি মেডিকেল ক্যাম্পে আরো লক্ষাধিক মুসল্লিকে চিকিৎসা দেয়া হয়েছে বলে তিনি জানান।

পকেটমার-ছিনতাইকারী গ্রেপ্তার

টঙ্গী থানার উপ-পরিদর্শক সাজেদা লতা বলেন, রোববার ইজতেমাস্থলের আশপাশ থেকে বিভিন্ন অপরাধের অভিযোগে পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।

১৯৪৬ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়ে আসছে। শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে। এরপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা হয়।

মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। এরপর থেকে এখানেই ইজতেমা হচ্ছে। মুসল্লিদের কথা বিবেচনা করে ২০১০ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে সম্পন্ন হচ্ছে।