বরিশালে অপহৃত স্কুলছাত্রের লাশ উদ্ধার
বরিশালের গৌরনদী উপজেলায় অপহৃত স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১২টায় অপহরণকারীদের স্বীকারোক্তি অনুয়ায়ী একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত রানা দাস টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিলো।
তার বাবা পৌর এলাকার সুন্দরদী মহল্লার ব্যবসায়ী কৃষ্ণ দাস।
গত রোববার রানাকে অপহরণের ছয়দিন পর গ্রেপ্তারকৃত আসামীদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয় বলে গৌরনদী থানার ওসি আবুল কালাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বিকেলে রানা সহপাঠীদের নিয়ে টরকি বন্দরের আনোয়ারা প্রি-ক্যাডেট মাঠে ক্রিকেট খেলতে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার সময় সহপাঠীদের কাছ থেকে জানা যায় যে তাকে প্রতিবেশি কার্তিক ভক্ত তাকে ডেকে নিয়ে গেছে।
এর পর কার্তিককে পুলিশ আটক করলে সে রানাকে অপহরণের কথা স্বীকার করে।
পরে তার দেয়া তথ্য অনুযায়ী সুলতান শরীফ (৪৮) ও তার স্ত্রী হেনা বেগমকে (৪০) সোমবার গভীর রাতে পুলিশ আটক করে।
সোমবার রাতে রানার বাবা কৃষ্ণ দাস থানায় ৬ জনকে আসামী করে মামলা করেন।
পরে জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহর উপস্থিতিতে আসামি সুলতান শরীফের টরকীর চর এলাকার বাড়ির পান বরজের পাশের ডোবা থেকে অপহৃত স্কুল ছাত্র রানা দাসের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যায় অপহরনের পর মঙ্গলবার সকালে রানাকে মেরে কচুরিপানার ভর্তি ডোবার মধ্যে ফেলা হয়েছে। রানাকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে আসামিরা।
