চট্টগ্রামে দুই দোকান কর্মচারীর রহস্যজনক মৃত্যু
নগরীর রেয়াজুদ্দিন বাজারে দুই দোকান কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার বেলা দেড়টার দিকে দুই জনকে উদ্ধারের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার মোজাফফরাবাদ ইউনিয়নের রশিদাবাদ গ্রামের আবদুর রহিমের ছেলে মো. হিরো (২২) এবং একই জেলার লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মো. আরমান (২৪)।
এ দুই কর্মচারী রেয়াজুদ্দিন বাজারের রহমান ম্যানসনের তিন তলায় এক কক্ষের একটি বাসায় ভাড়া থাকতেন। রেয়াজুদ্দিন বাজারের আজিম ও খাদিম ফ্যাশন নামে কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন তারা।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মারা যাওয়া দুই যুবক সকাল থেকে ওই ভাড়া বাসায় ছিলেন বলে শুনেছি। দুপুরে অপর দুই রুমমেট তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”
তিনি আরো জানান, মৃত দুই যুবকের শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পুলিশের উর্ধতন কর্মকর্তারা রেয়াজুদ্দিন বাজারের ওই বাসা পরিদর্শন করেছেন।
এই ঘটনায় কাউকে আটক করা না হলেও মামলা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
