গাজীপুরে পিটুনিতে মহিলা নিহত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার ছেলেধরা সন্দেহে পিটুনিতে এক মহিলা নিহত হয়েছেন। আহত হন একজন।
অজ্ঞাত পরিচয় ওই নিহত মহিলার বয়স প্রায় ৩৫ বছর। আহত জোসনা বেগম (৪০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার তনুরাই গ্রামের মো. শামীমের মেয়ে। তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, নিহত মহিলা মানসিক প্রতিবন্ধী বলে ধারণা করছে পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সিনাবহ বাঘাম্বর এলাকায় দুপুরে জনৈক জামাল হোসেনের বাড়িতে অজ্ঞাত পরিচয় এক মহিলা ঢোকে।
তাকে দেখে জামাল হোসেনের মেয়ে ময়না আক্তার (১৪) ভয় পেয়ে চিৎকার শুরু করলে বাড়ির ও আশপাশের লোকজন এসে ছেলেধরা সন্দেহে তাকে পিটুনি দেয়।
ওই সময় জোসনা নামে আরেক মহিলা তাকে বাঁচাতে গেলে তাকেও পিটুনি দেয়া হয়।
পরে পুলিশ এসে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসআই সাইফুল আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত মহিলা মানসিক প্রতিবন্ধী ছিলেন। এ ঘটনায় মামলা হবে।
