ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
পণ্যবাহী দশ চাকার ট্রাক বন্দরে ঢুকতে বাধা দেয়ায় শনিবার সকালে ভোমরা স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে।
এর আগে বৃহস্পতিবার সীমান্তের শূন্য রেখায় ঘন্টাব্যাপী বৈঠকের পর বাংলাদেশ ও ভারতের বন্দর সিএন্ডএফ কর্মকর্তারা এই সিদ্ধান্ত নেন।
এর সমাধান না হলে অনির্দিষ্টকাল ধর্মঘট চলবে বলে সিএন্ডএফ কর্মকর্তারা জানান।
ওই বৈঠকে ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বশিরহাট মহাকুমার ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি গোপাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র রায়সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে ছিলেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নিছার উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘোজাডাঙ্গা কাস্টমস হাউজ সংলগ্ন সেদেশের একটি শ্রমিক সংগঠন ১০/১২ চাকার আমদানি পণ্যবাহী ট্রাক চলাচলে বাধা দিয়ে আসছিল।
পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন এর কোনো সমাধান না করায় ভারতের ঘোজাডাঙ্গা এবং বাংলাদেশের ভোমরা বন্দরে কর্তব্যরত সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়।
