মাগুরায় ১৫ বাড়িতে ভাঙচুর-লুটপাট
হামলায় আহত ব্যক্তির মৃত্যুর জেরে মাগুরার শ্রীপুর উপজেলায় ১৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন।
গত ৯ জানুয়ারি আমতৈল গ্রামের প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন আতর আলী। বৃহস্পতিবার তার মৃত্যু হয়।
এদিকে আতর আলীর উপর হামলার ঘটনায় সজীব বিশ্বাস (২৫) ও সোহান শিকদার (২৬) নামে দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসী জানায়, শুক্রবার ভোর রাত ৩টা থেকে পাঁচটা পর্যন্ত আমতৈল গ্রামের আতিয়ার রহমানের সমর্থকরা প্রতিপক্ষ মালেক মোল্লার সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালায়। পরে ঘরে থাকা জিনিসপত্র এমনকি টিউবওয়েলও লুট করে নিয়ে যায়।
আমতৈল গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আতিয়ার রহমান ও মালেক মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জেরে ৯ জানুয়ারি সন্ধ্যায় আতিয়ার রহমানের সমর্থক আতর আলীকে কুপিয়ে গুরুতর জখম করে মালেক মোল্লার লোকজন। ঢাকার একটি হাসপাতালে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
এ খবর গ্রামে পৌঁছলে আতিয়ার রহমানের সমর্থকরা প্রতিপক্ষ খালেক মোল্লা, মক্কেল মোল্লা, রশিদ মোল্লা, জুমারত শেখ, মোক্তার মোল্লা, মোশারফ মাষ্টার, মনিরুল ইসলাম ও রাজা মীরসহ ১৫টি বাড়িতে হামলা করে।
শ্রীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে পুলিশ। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
