মৌসুমীর ধর্ষণ ও হত্যাকারীর শাস্তি দাবি
রাজবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার মানববন্ধন করেছে এলাকাবাসী।
শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর থেকে শুরু হয়ে পাবলিকহেল্থ মোড় পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে নিহত মৌসুমীর বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে মৌসুমীর মা শাহেদা বেগম বলেন, আমি আমার মেয়ে মৌসুমীর ধর্ষণক ও হত্যাকারী রইচের দ্রুত বিচার এবং ফাসি চাই।
মানববন্ধনে আরো বক্তব্য দেন ফকীর আব্দুল জব্বার, রেজাউল করিম রেজা , রোমেনা আক্তার, হারুন অর রশীদ, ড. আমিন আহমেদ, রেজাউর রহমান, নেফাজ উদ্দিন প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও দেন তারা।
মৌসুমী আক্তার (৫) রাজবাড়ী সদরের মুলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামের ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। গত রোববার (১৩ জানুয়ারি) সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ সময় এলাকাবাসী স্থানীয় যুবক রইচ উদ্দিনকে (১৮) ধরে পুলিশে দেয়।
এ ঘটনায় মৌসুমীর মা শাহেদা বেগম রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রইচ উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
