২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুমার নামাজে লাখো মুসল্লি   

লাখ লাখ মুসল্লি শুক্রবার তুরাগ তীরে দ্বিতীয় দফা ইজতেমায় জুমার নামাজ আদায় করেছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

Image
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে যাচ্ছেন মুসল্লিরা।

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে যাচ্ছেন মুসল্লিরা।

দুপুর দেড়টায় শুরু হওয়া নামাজে ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম হাফেজ জোবায়ের।

ফজরের নামাজের পর ভারতের মাওলানা মো. ইসমাইল হোসেন গোদরার বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের এই বার্ষিক সম্মিলন।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে বুধবার সকাল থেকেই দেশ-বিদেশের মুসল্লিরা তুরাগ তীরে আসতে শুরু করেন। আখেরি মোনাজাত পর্যন্ত মুসল্লিদের আসা অব্যাহত থাকবে।

এর আগে ১১ থেকে ১৩ জানুয়ারি ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সবস্থান জনসমুদ্রে পরিণত হয়। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক, অলিগলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জু’মার নামাজে শরিক হয়েছেন।

ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও নামাজে অংশ নেন ঢাকা-গাজীপুরসহ আশপাশের পূণ্যার্থীরা।

দ্বিতীয় দফার প্রথমদিন বাদ ফজর ভারতের মাওলানা মো. ইসমাইল হোসেন গোদরা,বাদ জুমা বাংলাদেশের মাওলানা মো. হোসেন, বাদ আছর ভারতের মাওলানা মো. জোবায়রুল হাসান ও বাদ মাগরিব ভারতের মাওলানা সা’দ বয়ানকারীদের তালিকায় রয়েছেন বলে জানান বিশ্বইজতেমার শীর্ষ মুরুব্বী মো. গিয়াস উদ্দিন। 

প্রথমদিনের  বয়ান

যতদিন দ্বীন থাকবে, ততদিন দুনিয়া থাকবে। ঋভা দ্বীন টিকে থাকবে দাওয়াতের মাধ্যমে। যুগে যুগে নবী-রাসুলগণ দ্বীনের দাওয়াতের কাজ করে গেছেন। ফেরাউনের কাছেও দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে আল্লাহ হযরত মুসাকে (আ.) পাঠিয়েছিলেন। নবী-রাসুলদের আল্লাহ নিজের পরিবার ও বিভিন্ন গোত্রের মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেয়ার জন্য পাঠিয়েছেন।

হযরত মুহাম্মদকে (সা.) সারা দুনিয়ায় দ্বীনের দাওয়াত দেয়ার জন্য পাঠিয়েছিলেন। আজ তিনি নেই। এ কাজের জিম্মাদারী এখন তার উম্মতের উপর।

বয়ানে আরো বলা হয়, জুমারদিন একটি পবিত্র দিন। সবচেয়ে উত্তম দিন হল এই দিনটি। এটি সবচেয়ে বড় ও সম্মানের দিন। এটি দুই ঈদের চেয়েও ফজিলতপূর্ণ। এদিনে হযরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়। এদিনই দুনিয়া ধ্বংস হবে।

এদিনে আল্লাহ্র কাছে যা চাইবে, আল্লাহ তা তাকে দেবেন। জুমার নামাজ আদায়ের লক্ষ্যে গোসল-ওজু করে মসজিদের উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তার নেকী লেখা হয়।

আমরা যা করব আল্লাহকে রাজি করার জন্য করব। আল্লাহ পাকের হুকুম মতো আমরা যেন সারা জীবন চলতে পারি সে চেষ্টা করতে হবে। এখান থেকে শিক্ষা নিয়ে দেশে ও সারা দুনিয়ায় মানুষের মাঝে দ্বীন কায়েম করার জন্য ছড়িয়ে পড়তে হবে।

বয়ানের তাৎক্ষণিক অনুবাদ

ইজতেমায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগ মারকাজের ১৫-২০ জন শুরা সদস্য ও বুজর্গ বয়ান পেশ করবেন। মূল বয়ান উর্দুতে হলেও বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ হচ্ছে। বিদেশি মেহমানরা মূল বয়ান মঞ্চের উত্তর, দক্ষিণ ও পূর্বপাশে তাদের জন্য নির্ধারিত হোগলা পাটিতে বসেন। বিভিন্ন ভাষাভাষী মুসল্লিরা আলাদা আলাদাভাবে বসেন এবং তাদের মধ্যে একজন করে মুরুব্বী মূল বয়ানকে তাৎক্ষণিক অনুবাদ করে শোনান।

আরো ৪ মুসল্লির মৃত্যু

ইজতেমার দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত হৃদরোগ, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ৪ মুসল্লি¬র মৃত্যু হয়েছে। তারা হলেন বগুড়ার ধনুট উপজেলার হাতিয়াপাড়ার হাজী আফজাল হোসেন (৬০), কুমিল্ল¬া সদরের হোসেনপুর সাতবাড়ি এলাকার মো. নাজির আহম্মদ (৫৫), গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নীল্ফা এলাকার মো. বাদল ফকির (৭০) ও খুলনা সদরের সোনাডাঙ্গা গ্রামের শামসুল হক (৭২)।

এ নিয়ে দুই দফায় মোট ১৭ মুসল্লি¬র মৃত্যু হয়েছে। প্রথম পর্বে মৃত্যু হয়েছিল ১৩ জনের।

বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের (সমস্যা সমাধান) সদস্য আদম আলী এ তথ্য জানান।

টঙ্গী হাসপাতালে চিকিৎসা

টঙ্গী হাসপাতাল ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে পরিচালিত তিনটি মেডিকেল ক্যাম্পে গত দু’দিনে বিভিন্ন রোগে আক্রান্ত তিন হাজার ৮২৭ জন  মুসল্লি চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে শ্বাসকষ্ট ও হৃদরোগের কারণে ১৪ জনকে ঢাকায় পাঠানো হয়। ১৫ জনকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুরের সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্লাহ এসব তথ্য নিশ্চিত করে আরো বলেন, এছাড়া ইজতেমাস্থলের আশপাশে প্রায় অর্ধশত ফ্রি-মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মুসল্লি চিকিৎসা নিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালত

বৃহস্পতিবার বিকাল থেকে ইজতেমাস্থল ও আশপাশের খাবারের দোকান ও হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও ভেজাল খাদ্য বিক্রয়ের অভিযোগে বিভিন্ন  খাবারের দোকান ও হোটেল মালিকদের বিরুদ্ধে নয়টি মামলা দায়ের, ৬৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

গাজীপুর জেলা নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা জামালপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকরাম আলী বিষয়টি নিশ্চিত করেন। 

প্রথম দিনে আড়াই হাজার বিদেশি মুসল্লি

দ্বিতীয় পর্বের প্রথম দিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, যুক্তরাজ্যসহ বিশ্বের ৭৭টি  দেশের  প্রায় আড়াই হাজার মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের জন্য তিনটি ট্যান্ট নির্মাণ করা হয়েছে। সেখানে তাদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক জিম্মাদার জানিয়েছেন।

ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসা

শুক্রবার সকাল থেকে ইজতেমা ময়দান সংলগ্ন ফ্রি-মেডিকেল ক্যাম্পগুলোতে মুসল্লিদের চিকিৎসা নিতে দেখা গেছে।  ময়দানের আশপাশে ও মন্নুনগর এলাকায় বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ, হোমিওপ্যাথি অনুশীলন, র‌্যাব’র ফ্রি-মেডিকেল ক্যাম্প, গাজীপুর সিভিল সার্জন অফিস, হামদর্দ ওয়াক্ফ, ইবনে সিনা, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, এপেক্স বাংলাদেশ, টঙ্গী থানা প্রেসক্লাব, ইসলামিক ফাউন্ডেশন, আঞ্জুমান মফিদুল ইসলাম, পাকিজা গ্রুপ, টঙ্গী ওষুধ ব্যবসায়ি কল্যাণ সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

নয় পকেটমার গ্রেপ্তার

টঙ্গী থানার উপ-পরিদর্শক মালেকা বানু বলেন, বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ইজতেমাস্থল ও আশপাশ এলাকা থেকে নয় জন পকেটমারকে গ্রেপ্তার করা হয়েছে।

পকেটমার-ছিনতাইকারী গ্রেপ্তারে ইজতেমা এলাকায় পুলিশের ২০টি টিম এবং হকার উচ্ছেদে আটটি টিম কাজ করছে বলেও তিনি জানান। 

শনিবার যৌতুকবিহীন বিয়ে

শনিবার বাদ আসর ইসলামী শরিয়া অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। সকাল থেকে ওইসব বিয়ের জন্য বয়ান মঞ্চের কক্ষেই বর-কনের নাম তালিকাভুক্ত করা হবে।

৩৮ খিত্তায় ৩৩ জেলা

দ্বিতীয় দফায় বিভিন্ন জেলার মুসল্লিদের থাকার জন্য ময়দানকে ৩৮টি খিত্তায় ভাগ করা হয়েছে।

এর মধ্যে ১-২ নম্বর খিত্তায় নারায়ণগঞ্জ, ৩-৪ নম্বর খিত্তায় ঢাকা, ৫ নম্বর খিত্তায় কক্সবাজার, ৬ নম্বর খিত্তায় মানিকগঞ্জ, ৭ নম্বর খিত্তায় পিরোজপুর, ৮ নম্বর খিত্তায় পটুয়াখালী, ৯ নম্বর খিত্তায় টাঙ্গাইল, ১০ নম্বর খিত্তায় জামালপুর, ১১ নম্বর খিত্তায় বরিশাল, ১২ নম্বর খিত্তায় নেত্রকোনা, ১৩ নম্বর খিত্তায় কুমিল্লা, ১৪ নম্বর খিত্তায় মেহেরপুর, ১৫ নম্বর খিত্তায় ঝিনাইদহ, ১৬-১৭-১৮ নম্বর খিত্তায় ময়মনসিংহ, ১৯  নম্বর খিত্তায় লক্ষীপুর, ২০ নম্বর খিত্তায় ব্রাহ্মণবাড়িয়া, ২১ নম্বর খিত্তায় কুড়িগ্রাম, ২২ নম্বর খিত্তায় নোয়াখালী, ২৩ নম্বর খিত্তায় নীলফামারী, ২৪ নম্বর খিত্তায় ঠাকুরগাঁও, ২৫ নম্বর খিত্তায় পঞ্চগড়, ২৬ নম্বর খিত্তায় চাঁপাইনবাবগঞ্জ, ২৭ নম্বর খিত্তায় বগুড়া, ২৮ নম্বর খিত্তায় পাবনা, ২৯ নম্বর খিত্তায় নওগাঁ, ৩০-৩১ নম্বর খিত্তায় মুন্সীগঞ্জ, ৩২ নম্বর খিত্তায় মাদরীপুর, ৩৩ নম্বর খিত্তায় গোপালগঞ্জ, ৩৪ নম্বর খিত্তায় সাতক্ষীরা, ৩৫ নম্বর খিত্তায় মাগুড়া, ৩৬ নম্বর খিত্তায় খুলনা, ৩৭ নম্বর খিত্তায় সুনামগঞ্জ ও ৩৮ নম্বর খিত্তায় মৌলভীবাজারের মুসল্লিরা অবস্থান নিচ্ছেন।

১৯৪৬ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়ে আসছে। শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে। এরপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা হয়।

ইজতেমায় মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। এরপর থেকে এখানেই ইজতেমা হচ্ছে। মুসল্লিদের কথা বিবেচনা করে ২০১০ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে সম্পন্ন হচ্ছে।