২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে যুবদল-ছাত্রদল সংঘর্ষ, দুই পুলিশ আহত

ময়মনসিংহে যুবদল ও ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে হামলায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এই ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 04:52 AM

Updated : 23 Aug 2022, 10:04 AM

কোতোয়ালী থানা পুলিশ বলছে, শহরের বাঘমারা আবাসিক এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার রাতে এই সংঘর্ষ হয়।

আহত এসআই মোস্তাফিজুর রহমান ও পুলিশের গাড়িচালক কনস্টেবল হাসানকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালী থানার ওসি ফজলুল করিম বলেন, মাদক ব্যবসায় নিয়ন্ত্রণ নিয়ে যুবদলের মিনহাজুল ইসলাম রাসু ও ছাত্রদলের তানভির আহমেদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

“এর জের ধরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে একদল সন্ত্রাসী হঠাৎ পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় এবং রামদা দিয়ে কুপিয়ে দুই পুশিল সদস্যকে মরাত্মক আহত করে।”

ঘটনার পর এস আই ফারুকুজ্জামান বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো দুইশতাধিক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

পুলিশ রাতভর অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে। এর মধ্যে ১৩ জনকে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে এস আই ফারুকুজ্জামান জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মিনহাজুল ইসলাম রাসেল (৩০), নজরুল ইসলাম (৩৫), ইকবাল হোসেন (৩০), রমজান আলী (৬০), আনিস (২২), রুবেল (৩৫), বাপ্পি (২৫), সোহেল (২৮), শাহাজাদা (২৭), সুজিত (২৭), বাবু মিয়া (২১), সরোয়ার (২২) ও বাবু (২৩)।