২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেক-মামুনের বিরুদ্ধে মুদ্রাপাচার মামলার সাক্ষ্যগ্রহণ

মুদ্রা পাচারের মামলায় তারেক রহমান ও তার বন্ধু গিয়াস আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরো একজন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 04:34 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ মো. মোজাম্মেল হোসাইনের আদালতে সাক্ষ্য দেন এই মামলায় দুর্নীতি দমন কমিশনের সাক্ষী সোনালী ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ এহসানুল হাফিজ।

শুনানির শুরুতেই আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, “এই মামলায় আপনার আদালতের বিচারিক এখতিয়ার নিয়ে হাই কোর্টে রিভিশন করা হয়েছে। আজ একটি বেঞ্চে শুনানির দিন ধার্য আছে, তাই এ পর্যায়ে সাক্ষ্যগ্রহণ করা ঠিক হবে না।”

তখন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে জানান, বিচারিক এখতিয়ার নিয়ে আসামিপক্ষ যে রিভিশন করেছিল, তা হাই কোর্ট খারিজ করে দিয়েছে।

এরপর দুর্নীতি দমন কমিশনের করা এই মামলায় অষ্টম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন এহসানুল হাফিজ।

জবানবন্দি শেষে ৩১ জানুয়ারি তাকে জেরা করার দিন ধার্য করেছে আদালত।

এর আগে এই মামলায় সাক্ষ্য দেন মুগদা থানার ওসি মো. মাসুদ করিম, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) এজেন্ট ডেবরা লেপরোভেট, মামলার নিবন্ধন কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি হোসনে আরা বেগম, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক পরিদর্শক ও বর্তমানে ধোবাউড়া থানার ওসি মীর আলীমুজ্জামান, গুলশান থানার সাবেক ওসি কামাল উদ্দিন, নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারপারসন খাদিজা ইসলাম এবং বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম।

টঙ্গীর বিসিক শিল্পনগরীর বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাইয়ে দেয়ার কথা বলে খাজিদা ইসলামের কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে তারেক ও মামুনের বিরুদ্ধে ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি হয়।

গত বছরের ৬ জুলাই দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। এরপর ওই বছরের ৮ আগস্ট অভিযোগ গঠনের পর লন্ডনে অবস্থানরত তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তার অনুপস্থিতিতেই চলছে বিচার।