অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যৌতুক না পেয়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে ফাতেমা আক্তারকে তার স্বামী সেলিম মিয়া পিটিয়ে হত্যা করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এ ঘটনায় সেলিমের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড় ভাই ওমর ফারুক।
মনোহরগঞ্জ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. সফিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত গৃহবধূ ফাতেমা আক্তার নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার আবদুল হালিমের মেয়ে।
তার ভাই ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বছর আগে মনোহরগঞ্জের শামছুল হকের ছেলে সেলিম মিয়ার সঙ্গে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সেলিম যৌতুকের জন্য ফাতেমাকে চাপ দিত।
ফাতেমা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলো।
ঘটনার দিন সন্ধ্যায় যৌতুক নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সেলিম বোনকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়েছে বলেও অভিযোগ করেন ফারুক।
