‘যুদ্ধাপরাধীদের বিচার না হলে অগ্রযাত্রা হবে না’
যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত দেশের অগ্রযাত্রা শুরু সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।
বৃহস্পতিবার গাইবান্ধায় তিনি বলেন, “যুদ্ধাপরাধীর বিচার যতক্ষণ পর্যন্ত সম্পন্ন করতে না পারছি ততক্ষণ পর্যন্ত অতীতের একটি বিশেষ অধ্যায় থেকে মুক্তি পাচ্ছি না। এ বিচার কাজ শেষ না হলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের অগ্রযাত্রা কখনো সঠিকভাবে শুরু হবে না।”
শিক্ষকদের আন্দোলনে দমননীতির সমালোচনা করে মিজানুর বলেন, পুলিশি তৎপরতায় মানবাধিকার লংঘন করা হচ্ছে।
সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
‘মানবাধিকার সবার জন্য, সর্বত্র ও সমানভাবে’- শীর্ষক এই মতবিনিময় সভায় মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম-সচিব তাজুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা সিপিবি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসক্লাব সভাপতি গোবিন্দ লাল দাস, উন্নয়নকর্মী আব্দুস সালাম প্রমুখ।
