২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৩৫ 

ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি বর্ষণ ও ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয় যেন রণক্ষেত্রে পরিণত হয়। উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এস এম রনি, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2013, 01:33 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

এ সময় ছাত্রলীগের এক নেতা পুলিশের কাছ থেকে শটগান ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি বর্ষণ করেন। বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় ছাত্রদল কর্মীদের হামলায় সাংবাদিকসহ অন্তত চার শিক্ষার্থী আহত হন।

পুলিশ ও শিক্ষার্থীরা জনান, সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে প্রায় দুঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতিসহ ৯ জনকে আটক করেছে।

বিশ্ববিদ্যালয়ে ১২৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কথিত অনিয়ম, দুর্র্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ শাহজাহান আলীর পদত্যাগের দাবিতে গত বছরের ৭ সেপ্টম্বর আন্দোলন শুরু করে ছাত্রলীগ। এরপর একই দাবিতে ৯ নভেম্বর থেকে শিক্ষকরাও আন্দোলনে নামে।
আন্দোলনের এক পর্যায়ে গত ২৭ ডিসেম্বর উপাচার্যকে অব্যাহতি দিয়ে অধ্যাপক ড. আবদুল হাকিম সরকারকে উপাচার্য নিয়োগ দেয়া হয়। সেইসঙ্গে উপ-উপাচার্যকেও অব্যাহতি দেয়া হয়।

তবে সব দাবি পূরণের আগে আন্দোলন স্থগিত না করার বিষয়ে অনড় থাকে শিক্ষকরা।

এদিকে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে ‘সচেতন শিক্ষার্থীদের’ ব্যানারে শিক্ষার্থীরা আন্দোলন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা প্রশাসন শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ক্লাস-পরীক্ষা চালুর আশ্বাস দেয়।

এ অবস্থায় গত ১২ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকদের ওপর ছাত্রলীগ হামলা করলে অন্তত ২৫ শিক্ষক আহত হন। এদিনই শিক্ষকরা ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেন।  

কিন্তু তারপরেও ‘নিরাপত্তার’ কারণে ক্যাম্পাসে না আসতে পারায় ক্লাস-পরীক্ষা শুরু করা যাচ্ছে না বলে দাবি করেন আন্দোলনরত শিক্ষকরা।

আন্দোলনের শুর থেকেই প্রশাসন ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ-মিছিল নিষিদ্ধ ঘোষণা করে। যদিও শিক্ষক-শিক্ষার্থীরা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে আন্দোলন করে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদল আইন অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসন ভবনের সামনে সমাবেশে করেন। সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস থেকে বের হয়ে যান।

পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা প্রশাসন ভবনের সামনে দিয়ে আইন অনুষদের দিকে যাওয়ার সময় ছাত্রলীগের বঙ্গবন্ধু হলের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটকে অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্স এক অসুস্থ ছাত্রীকে নিয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে যাচ্চিল। তৃতীয় গেটের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা সেটিতে হামলা চালায়। হামলায় অ্যাম্বুলেন্সে থাকা বিশ্ববিদ্যালয়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি এস এম রনি, নিউএজ এর প্রতিনিধি আব্দুল কাদের কাজল, শিক্ষার্থী শেলি সিকদার ও সাহিদুল ইসলাম আহত হন। তাদেরকে পরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

দুপুর ১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠিত হয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ফটক দিয়ে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে প্রশাসন ভবনের দিকে যেতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আবার ধাওয়া দেয়। তখন আবার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নেতাকর্মীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ৭ রাউন্ড গুলি ছোঁড়া হয়।

সংঘর্ষের সময় প্রশাসন ভবনের পেছনে রাখা ৪টি বাসে ব্যাপক ভাংচুর করা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

সংঘর্ষের সময় ছাত্রলীগের এক কর্মী পুলিশের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি চালায় বলে জানান বিশ্ববিদ্যালয় থানার ওসি আতিয়ার রহমান।

তবে তিনি সেই ছাত্রলীগ কর্মীর নাম জানাতে পারেননি।

পরে পুলিশ তার কাছ থেকে শটগানটি উদ্ধার করে। আহতরা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রসহ কুষ্টিয়া ও ঝিনাইদহের সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।

এদিকে সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক কোয়ার্টারে আশ্রয় নেন। তখন ছাত্রলীগের নেতাকর্মীরা এর বাইরে অবস্থান নেন।

পরে কুষ্টিয়া জেলা পুলিশ এবং বিশ্ববিদ্যালয় থানা পুলিশ কোয়র্টার থেকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওমর ফারুকসহ ৯জনকে আটক করে।

আটক অন্যরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. রিপন, সহ-ক্রীড়া সম্পাদক মো. আরিফ, কর্মী মনির, মাহতাব, আনিস, আমিরুল এবং রোভার স্কাউট অফিসের পিয়ন হাসান।

আটককৃতদেরকে বিশ্ববিদ্যালয় থানায় রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বিশ্ববিদ্যালয় থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজিৎ কুমার।

এদিকে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন ও ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম পরস্পরকে  দোষারূপ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম আক্তারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল করেছে।

বর্তমানে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন প্রক্টর।