সাগর-রুনি খুনের দিন সাংবাদিক মহাসমাবেশ
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারি সাংবাদিক মহাসমাবেশ হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে সভাপতি ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক যৌথসভায় এই সিদ্ধান্ত হয়।
এক বছর আগে ১০ ফেব্রুয়ারি মধ্যরাতের পর রাজধানীর রাজাবাজারে নিজেদের বাড়িতে খুন হন সাগর ও রুনি। এই হত্যাকাণ্ডের রহস্য এখনো উন্মোচন করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।
১১ ফেব্রুয়ারি সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ অংশ নিতে সাংবাদিক নেতারা সব সাংবাদিকের প্রতি আহ্বান জানিয়েছেন।
ওই সমবেশের আগে ৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাদের মতবিনিময় সভা হবে।
