২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-রাশিয়া পার্লামেন্টারি গ্রুপ গঠনের প্রস্তাব

বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে পার্লোমেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন করার প্রস্তাব দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুমন মাহবুব

মস্কো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 02:29 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান ভ্যালেনতিনা আই মাতভিয়েনকোর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দিয়ে বলেন, দুই দেশের পার্লামেন্ট সদস্যদের মধ্যে যোগাযোগের মধ্য দিয়ে আর্থ সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়বে।

বুধবার মস্কো স্টেট ইউনিভারসিটিতে সংবর্ধনা অনুষ্ঠানের পর শেখ হাসিনা ফেডারেশন কাউন্সিল ভবনে যান, সেখানেই ভ্যালেনতিনা মাতভিয়েনকোর সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে সন্ত্রাস দমনের বিষয়েও আলোচনা হয় বলে প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব বিজন লাল দেব সাংবাদিকদের জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, তার সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চায়।

পূর্ এবং পশ্চিমের মধ্যে বাংলাদেশকে সংযোগস্থল আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, “আমরা এই অঞ্চলের শান্তি নিশ্চিত করতে চাই।”

সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে তিনি এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। ভ্যালেনতিনা মাতভিয়েনকো সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

শেখ হাসিনার সফর দুই দেশের সম্পর্কোন্নয়নে ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের চেয়ারম্যান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং সংসদ সদস্য এ কে এম রহমত উল্লাহ উপস্থিত ছিলেন।

পরে শেখ হাসিনা রাশিয়ান ফেডারেশন কাউন্সিল পরিদর্শন করেন।